গরম জামা নেই, শীতে কাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম কাপড়ের অভাবে রংপুরের পীরগাছা ও তারাগঞ্জ উপজেলায় তীব্র শীতে কাবু হয়ে পড়েছে অসহায় গরিব মানুষ। মাঘের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়া দুস্থ পরিবারের অনেক মানুষ গরম কাপড় না থাকায় কাজেও যেতে পারছে না। শিশুদের বিদ্যালয়ে উপস্থিতিও কমে গেছে। শীতজনিত বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হতে শুরু করেছে।
ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতে কাঁপছে পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের দুস্থ ও হতদরিদ্র মানুষ। উপজেলায় সরকারিভাবে এ পর্যন্ত ৮৫৫টি কম্বল বিতরণ করা হলেও এসব দরিদ্র পরিবারের ভাগ্যে তা জোটেনি।
এলাকাবাসী ও ছাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজির হোসেন জানান, ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চলের ১০টি গ্রামে প্রায় ১৫ হাজার হতদরিদ্র পরিবারের বসবাস। এসব পরিবার নদীভাঙনের শিকার হয়ে জমি ও সহায়সম্বলহারা।
গতকাল বৃহস্পতিবার সকালে ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের চর ছাওলা, শিবদেব, চর গাবুড়া, চর তাম্বুলপুর ও চর রহমত গ্রাম ঘুরে দেখা গেছে, হতদরিদ্র মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
চর গাবুড়া গ্রামের জাহেদা বেওয়া (৬৫) বলেন, ‘রাইতোত এমনিতে শীতোত কাবু হয়া গেছি। তার ওপর নদীর ঠান্ডা বাতাস হু-হু করি বেড়ার ফাঁক দিয়া ঘরোত ঢোকে, তখন ছেঁড়া খ্যাতা গাওত দিয়া কোঁকড়া নাগি থাকি।’ একই গ্রামের নবীজন নেছা (৭০) বলেন, ‘কয় দিন থাকি রাইতোত খালি ঝড়ির মোতন কুয়া (কুয়াশা) পড়ে। এতে হাত-পাও বরফ হয়া টাটানি শুরু হয়।’ প্রায় একই ধরনের কথা বলেন চর ছাওলা গ্রামের সাইবেনী বেওয়া (৬৮), চর রহমত গ্রামের সাহেব আলী (৭৫), চর তাম্বুলপুর গ্রামের দিনমজুর আছমার উদ্দিনসহ (৫৫) কয়েকজন। তাঁরা জানান, কয় দিন ধরে যে ঠান্ডা পড়ছে, তাতে কাজ চলে না। টাকার অভাবে তাঁরা গরম কাপড় কিনতে না পারায় খুব কষ্টে আছেন।
তারাগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের শুরুতে বই পাওয়ায় বিদ্যালয়গুলোতে উপস্থিতির হার ছিল ৯৫ থেকে ৯৬ শতাংশ। কিন্তু গতকাল উপস্থিতির হার ৬৩ শতাংশে নেমে আসে। তাঁরা জানান, গরম কাপড় না থাকায় তীব্র শীতে অনেক শিশু স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।
তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম জানান, শীতের কারণে গতকাল তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থীর মধ্যে ৩০০ জন উপস্থিত ছিল না। ইকরচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ বলেন, গতকাল তাঁর বিদ্যালয়েও ৩৮ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
তারাগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান সরকার বলেন, গত তিন দিনে শীতজনিত রোগে আক্রান্ত অনেক শিশু চিকিৎসার জন্য হাসপাতালে আসে। এদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। তাদের মধ্যে ২৪টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া ও তারাগঞ্জের পিআইও রেফাউল আযম জানান, ইতিমধ্যে পীরগঞ্জে ৮৫৫টি এবং তারাগঞ্জে এক হাজার ১৩২টি কম্বল দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। আরও কম্বল চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি বার্তা পাঠানো হয়েছে।