গরম জামা নেই শীতে জবুথবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে রংপুরে তিস্তা নদীরপারের মানুষ কাহিল হয়ে পড়েছে। একটু উষ্ণতা আর গরম কাপড়ের জন্য তারা আহাজারি করছে।
জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তাপারের কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামের মাঠেরপাড় এলাকার আতোয়ার রহমান (৫০) গায়ে ছেঁড়া একটি পুরোনো চাদর জড়িয়ে বসে আছেন। তিনি বলেন, ‘একসময় হামার জমি আছলো। গরু আছলো। এলা অন্যের জমিত কাম করি খাওয়া লাগে। কিন্তু কারও কাছে হাত পাতপার পারি না। এমনিতে শীত। তার ওপর নদীর ঠান্ডা বাতাস হামাকগুলাক কাহিল করি ফেলাইছে বাহে।’
একই গ্রামের মতিয়ার রহমান (৫৫) বলেন, ‘নাতি-নাতনি নিয়া এই ঠান্ডাত মরি যাবার মতো অবস্থা হইছে। কায়ও যদি একনা কম্বল দিলে হয়, তাইলে তো ছাওয়াগুলা গরম হইল হয়।’
গত শনিবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, উত্তর কোলকোন্দ গ্রামের মাঠেরপাড় এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন। সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। সূর্যের দেখা নেই। শীতে জবুথবু মানুষ চলাফেরা করলেও ৫০ গজ দূরের কাউকে দেখা যায় না। গ্রামের পাশেই নদীভাঙন প্রতিরোধের বাঁধ। বাঁধের এক পাশে নদী হলেও কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এ গ্রামের পাশের গোডাউনের হাট, কুড়িবিশ্বা, উত্তর কোলকোন্দ, আবুলিয়া, জানেরপাড়, বাবুপাড়া, কামারপাড়া, মিয়াজিপাড়া, বাঁশবাড়ী গ্রামের চিত্র একই।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মাঠেরহাট গ্রামে তিন শতাধিক পরিবারে প্রায় দেড় হাজার মানুষের বাস। এসব পরিবার তিস্তা নদীভাঙনের শিকার। এদের অধিকাংশ পরিবারের একসময় অনেক জমি ছিল। নদীভাঙনে তারা সহায়-সম্বল হারিয়ে এখন নিঃস্ব। এসব পরিবারের লোকজন শীতে কাহিল হয়ে পড়লেও শীতবস্ত্রের জন্য মানুষের কাছে হাত পাততে পারছে না। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টিই নদীতীরবর্তী হওয়ায় এ এলাকার মানুষের ভোগান্তির শেষ নেই। এখনো কাউকে শীতের কাপড় বিতরণ করতে দেখা যায়নি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সালাম জানান, জরুরিভাবে ৪০ হাজার কম্বল চেয়ে ঢাকায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অবরোধের কারণে ঢাকা থেকে শীতার্ত মানুষের জন্য এসব কম্বল পাঠানো সম্ভব হয়ে উঠছে না। রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আতিকুর রহমান জানান, জানুয়ারির শেষে একটি ও ফেব্রুয়ারির শুরুতে আরেকটি শৈত্যপ্রবাহ দেখা দেবে।