গরম তেলে ঝলসে গেল রাবেয়ার মুখ
প্রায় ৩০ বছর আগে কাজের খোঁজে বগুড়া শহরে এসেছিলেন রাবেয়া বেগম (৫০)। স্বামী কাশেম প্রামাণিক (৬০) শহরে রিকশা চালান। স্বামীর আয়ে সংসার চলে না দেখে রাবেয়া পাঁপড় আর পেঁয়াজি বিক্রি করা শুরু করেন।
গত শুক্রবারও শহরের মালগ্রাম মহল্লার কলেজপাড়া মোড়ে ফুটপাতে বসে গরম তেলে পেঁয়াজি-পাঁপড় ভাজছিলেন রাবেয়া। পাঁপড় দিতে দেরি হওয়ায় এক ব্যক্তি তাঁকে মারধর করেন। ফুটন্ত তেলের কড়াই লাথি মেরে ফেলে দেন। সেই তেলে পুড়ে যায় রাবেয়ার গলা ও মুখ।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে, দগ্ধ শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন রাবেয়া বেগম। গরম তেলে গোটা মুখই ঝলসে গেছে তাঁর। দগ্ধ হয়েছে গলার সামনের অংশও।
রাবেয়া বেগমের মেয়ে কল্পনা আকতার বলেন, প্রায় ৩০ বছর আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলঘড়িয়া গ্রাম ছেড়ে বগুড়া শহরে আসে তাঁদের পরিবার। মাথা গোঁজার ঠাঁই হয় শহরের মালগ্রামে। বৃদ্ধ বয়সে বাবা ঠিকমতো রিকশা চালাতে পারেন না। তাই তাঁর মা ফুটপাতে বসে পাঁপড় ও পেঁয়াজি ভাজা বিক্রি করে বাড়তি আয়ের চেষ্টা করেন।
রাবেয়া বেগমের নাতি ও মালগ্রাম কলেজপাড়ার আবদুস সোবহান বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলেজপাড়ার মুদি দোকানি শরিফ উদ্দিনের মেয়ে পাঁপড় কিনতে আসে। ওই সময় তাঁর নানি ভাজায় ব্যস্ত থাকায় পাঁপড় দিতে কিছুটা দেরি হয়। কিছুক্ষণ পর মেয়েটি পাঁপড় নিয়ে বাড়ি চলে যায়। এরপর শরিফ উদ্দিন ও তাঁর দুই শ্যালিকা এসে দোকানে পাঁপড় ফেরত দেন। তাঁরা জানতে চান, কেন পাঁপড় দিতে দেরি হলো? রাবেয়া তাঁদের বলেন, ভাঁজতে দেরি হওয়ায় দিতে একটু দেরি হয়েছে।
এটা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ তাঁরা তিনজন মিলে নানি রাবেয়াকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে শরিফ উদ্দিন চুলার ওপরে থাকা তেলভর্তি গরম কড়াইয়ে লাথি মারেন। এতে তেল ছিটকে গিয়ে রাবেয়ার মুখ ও গলায় পড়ে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বার্ন ইউনিটে। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মো. আবদুল মোত্তালেব হোসেন বলেন, ফুটন্ত তেলে রাবেয়া খাতুনের মুখমণ্ডল, গলাসহ শরীরের প্রায় ৩০ শতাংশ ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অবস্থা খারাপ হওয়ায় তাঁকে গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বগুড়া শহরের স্টেডিয়াম ফাঁড়ির দায়িত্বরত উপরিদর্শক (টিএসআই) আল মামুন বলেন, রাবেয়ার পরিবার এতটা অসহায় যে রিকশাচালক স্বামীর পক্ষে চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য নেই। অ্যাম্বুলেন্সের ভাড়ার টাকা না থাকায় পরিবারের লোকজন তাঁকে ঢাকায় নিতে পারছিলেন না। তাঁদের কিছুটা সহযোগিতা করা হয়েছে। এ ঘটনায় রাবেয়া বেগমের মেয়ে কল্পনা আকতার বাদী হয়ে বগুড়া সদর থানায় শরিফুল ইসলাম এবং তাঁর দুই শ্যালিকার বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু ঘটনার পর থেকেই তাঁরা আত্মগোপন করেছেন।
কল্পনা আকতার বলেন, ‘বিনা দোষে গরম কড়াইয়ে লাথি মেরে আমার মাকে পুড়িয়ে দেওয়া হলো। এটা কি কোনো মানুষের কাজ? মায়ের মুখের দিকে তাকাতে পারি না। বৃদ্ধ বয়সে যারা মাকে এই শাস্তি দিল, তাদের কঠিন শাস্তি চাই।’