গরম না পড়তেই বিদ্যুৎ-যন্ত্রণা

গরম না পড়তেই রাজধানীর বিভিন্ন স্থানে, বিশেষ করে পুরান ঢাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছে। পুরান ঢাকার আর কে মিশন রোড, গোপীবাগ, কে এম দাস লেন, ওয়ারী, নারিন্দা, লক্ষ্মীবাজার, রাজার দেউড়ী ও আশপাশের এলাকায় দিনের বেলাতেই তিন–চারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে।
গত তিন দিনে বারবার বিদ্যুৎ যাওয়ার তথ্য পাওয়া যায়। আর কে মিশন রোড, অভয় দাস লেন, পেয়াদাপাড়া এলাকায় গত শনিবার সকাল থেকে বিকেল চারটার মধ্যে তিনবার বিদ্যুৎ যাওয়া–আসার ঘটনা ঘটেছে। আর কে মিশন রোডের ৬৪/২ বি নম্বর বাড়ি থেকে জানানো হয়, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রথমবার বিদ্যুৎ গিয়ে প্রায় ৪৫ মিনিট পর আসে। দ্বিতীয়বার যায় সাড়ে ১১টার দিকে। আসে প্রায় সোয়া ঘণ্টা পর। বিকেল চারটার দিকে গিয়ে প্রায় এক ঘণ্টা পর আসে। অভয় দাস লেন ১৩ নম্বর বাড়ি এবং পেয়াদা পাড়া ১৬/২ নম্বর বাড়ি থেকেও বারবার বিদ্যুৎ যাওয়ার অভিযোগ করা হয়েছে।
পেয়াদাপাড়ার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, তিনি যে বাড়িতে থাকেন, সেটি অনেক পুরোনো। এলাকায় বৈদ্যুতিক লাইনও বিপজ্জনক। তবে তা ধরা পড়ে যখন ঘন ঘন বিদ্যুৎ যাওয়া–আসার ঘটনা ঘটে। গত কয়েক দিনে তাঁর বাসার বৈদ্যুতিক পাখা, ফ্রিজ নষ্ট হয়ে গেছে। বাতিও নষ্ট হচ্ছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর হাটখোলা ফকিরবানু ভবনের লিফটে আটকা পড়েন মো. মাসুম। তিনি বলেন, প্রায় ১০ মিনিট পর লিফট চালু হয়। পরে জানতে পারেন বিদ্যুৎ যাওয়ার ঘটনাটি ওই ভবনের অভ্যন্তরীণ লাইনের ত্রুটির জন্য ঘটেনি।
ওয়ারীর লারমিনি স্ট্রিটের বাসিন্দা দশম শ্রেণির ছাত্র অভিক চিন্তিত বিদ্যুৎ নিয়ে। সে বলে, মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যায়। আজ (গতকাল) বাংলাদেশ-ভারত ক্রিকেটের ফাইনাল খেলার সময় বিদ্যুৎ চলে যায় কি না, এ নিয়ে সে শঙ্কিত।
গোপীবাগ বাজারের ব্যবসায়ী আবদুর রহমান টেলিভিশন ও খবরের কাগজ থেকে জেনেছেন, বিদ্যুতের উৎপাদন বর্তমান চাহিদা পূরণে যথেষ্ট। ঢাকায় কোনো লোডশেডিং নেই। তিনি জানতে চান, তাহলে এখন বারবার বিদ্যুৎ যাচ্ছে কী কারণে?
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ডিপিডিসিকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়। এখনো গরম না পড়ায় এসির ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়নি। পুরোদমে বিদ্যুতের ব্যবহার শুরু হলে চাহিদা আরও প্রায় ৪০০ মেগাওয়াট বাড়বে। ওই সময়ে বিদ্যুতের ওভারভোল্টেজের কারণে মাঝেমধ্যে বিদ্যুৎ–বিভ্রাটের ঘটনাও বাড়বে।
তাহলে বর্তমানে কোনো কোনো এলাকায় বারবার বিদ্যুৎ চলে যায় কেন? এ বিষয়ে ডিপিডিসির স্কাডার কর্মকর্তা মো. মামুন বলেন, ব্রেকডাউনের কারণে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনার ঘটছে। মাঝেমধ্যে কোনো কোনো এলাকায় আবশ্যিক কারণে ১১ কেভি লাইনের ফিডার বন্ধ করে দিতে হয়। ঝড়-বৃষ্টির কারণেও অনেক স্থানে বিদ্যুৎ চলে যায়। তবে গত কয়েক দিনে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং হয়নি।