গরম পড়তেই শিবগঞ্জে বেড়েছে মশার উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম পড়তে না-পড়তেই মশার উপদ্রবে অতিষ্ঠ বগুড়ার শিবগঞ্জ পৌরবাসী। কিন্তু পৌরসভার পক্ষ থেকে মশা নিধনে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ পৌরসভায় মশক নিধনের জন্য ওষুধ ছিটানোর একটা স্প্রে মেশিন রয়েছে। কিন্তু তা চালানোর জন্য কোনো লোকবল নেই। আর পৌরসভার এ জন্য কোনো বরাদ্দও নেই। তাই মশার উপদ্রব দিন দিন বাড়লেও তা থেকে রেহাই নেই পৌরবাসীর।
শহরের সাত-আটজন বাসিন্দা জানান, শীতের পর গরম আবহাওয়া শুরুর পর থেকেই পৌর এলাকায় ব্যাপক হারে মশার উপদ্রব বেড়েছে। শহর ও শহরতলির যেসব ডোবা ও নর্দমা রয়েছে, সেগুলো এখন মশার প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। সবচেয়ে বড় প্রজননকেন্দ্র শহরের কোল ঘেঁষে বয়ে চলা মৃতপ্রায় করতোয়া নদী। শুধু রাতে নয়, দিনের বেলাতেও মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষজন।
শহরের ব্যবসায়ী আমিনুল ইসলাম (৪০) বলেন, ‘দু-তিন সপ্তাহ হলো মশার অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে। মশার আকারও কিছুটা বড়। সবচেয়ে অসুবিধা হচ্ছে আমার এসএসসি পরীক্ষার্থী মেয়ের। তার পড়াশোনা করতে সমস্যা হচ্ছে।’
শহরের অর্জুনপুর মহল্লার সাদেকুল ইসলাম (৪৫) জানান, মশার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠলেও তিনি কোনো দিন তাঁর এলাকায় মশা নিধনের জন্য কারও কোনো তৎপরতা দেখেননি। শহরের মুদি ব্যবসায়ী বজলুর রহমান (৩৫) বলেন, ‘গরম শুরু হতেই আমার দোকানে কয়েল বিক্রি অনেকে বেড়ে গেছে।’
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, মশক নিধনের জন্য পৌরসভায় লোকবল না থাকাটা তেমন সমস্যা নয়। মাস্টাররোলে কাজ করছেন, এমন লোকজন দিয়েও কাজ চালানো যাবে। সমস্যা হচ্ছে এ খাতে বরাদ্দের। সরকারি অনুদান না থাকায় এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ করা সম্ভব হয় না।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, মশার যন্ত্রণার হাত থেকে যেন মানুষকে নিস্তার দেওয়া যায়, এ জন্য তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
শিবগঞ্জ পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন, ‘মশক নিধনের জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেষ্টা করব।’