গরম পানির বালতিতে দগ্ধ শিশুটি চলেই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেসে-খেলে বাড়ি মাতিয়ে রাখা শিশু আলভি আর নেই। এই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি: সংগৃহীত
হেসে-খেলে বাড়ি মাতিয়ে রাখা শিশু আলভি আর নেই। এই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি: সংগৃহীত

বালতিতে রাখা গরম পানিতে পড়ে দগ্ধ শিশু আলভি হোসেনকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছে আড়াই বছরের ছোট্ট এই শিশু। শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে সে চলে গেছে না ফেরার দেশে।

আলভির পরিবার জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা গেছে আলভি। এর আগে গত মঙ্গলবার দুপুরে বাড়ির বাথরুমে কাপড় ধোয়ার জন্য বালতিতে রাখা গরম পানিতে পড়ে মারাত্মকভাবে দগ্ধ হয় সে। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

আলভি দুবাইপ্রবাসী আলমগীর হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। তাদের বাড়ি চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গশ্চি গ্রামে।

আলভির চাচা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ছেলের দুর্ঘটনার খবর পেয়ে বড় ভাই আলমগীর দুবাই থেকে গত বুধবার রাতে দেশে আসেন। তিনি দুবাইয়ে এক ব্যক্তির ব্যক্তিগত গাড়ির চালক। ছেলের খবর পেয়ে পাগলের মতো হাসপাতালে ছুটে গিয়েছিলেন।

আহাজারি করে চাচা বলছিলেন, স্ত্রী, দুই সন্তান নিয়ে ভাইয়ের সাজানো সংসার ছিল। বড় ছেলে সায়মন হোসেন একটি কিন্ডারগার্টেন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। দুষ্টু আলভি হেসে-খেলে সারা ঘর মাতিয়ে রাখত। এই দুষ্টুমিই কাল হলো। গত মঙ্গলবার দুপুরে আলভির মা বাথরুমে কাপড় ধোয়ার জন্য বালতিতে গরম পানি রেখে পাশের কক্ষে কাপড় আনতে যান। এই ফাঁকে আলভি ছুটে এসে বাথরুমে ঢুকলে বালতিতে পড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই উড়োজাহাজে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

তিনি জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালে মারা যায় আলভি। আজ শনিবার ভোরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সকাল নয়টায় নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন জানান, শিশুটির লাশ বাড়িতে আনার পর শোকে বিহ্বল হয়ে পড়ে পুরো পরিবার।

এর আগে গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর প্রথম আলোকে জানিয়েছিলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দুর্ঘটনার দিন রাতে ঢাকায় পাঠানো হয়েছিল।