গরম পানির বালতিতে পড়ে যায় শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপড় ধোয়ার জন্য বালতিতে রাখা গরম পানিতে পড়ে আড়াই বছরের এক শিশুর শরীরের ৭০ শতাংশ ঝলসে গেছে। তার নাম আলভীর হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজানের গশ্চি গ্রামে আনচুর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির বাবা মোহাম্মদ আলমগীর হোসেন আরব আমিরাতপ্রবাসী।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে শিশুটির মা কাপড় ধোয়ার জন্য বালতিতে গরম পানি রেখে অন্য ঘর থেকে কাপড় আনতে যান। এই ফাঁকে শিশু আলভীর গরম পানির বালতিতে পড়ে যায়। এতে তার শরীরের বেশির ভাগ ঝলসে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে বিমানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশুটির চাচা মো. জাহাঙ্গীর আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন আলভীরের শরীরের ৭০ শতাংশ ঝলসে গেছে। তাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।