গরম পোশাক বিক্রির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়তুল মোকাররম মসজিদ এলাকায় একটি দোকানে শীতের পোশাক দেখছেন এক ক্রেতা l ছবি: প্রথম আলো
বায়তুল মোকাররম মসজিদ এলাকায় একটি দোকানে শীতের পোশাক দেখছেন এক ক্রেতা l ছবি: প্রথম আলো

কাগুজে হিসাবে শীতকাল শুরু হয়েছে চার দিন আগে। কিন্তু শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে বেশ কয়েক দিন আগে থেকেই। রাজধানী ঢাকায় দিনে যেমন তেমন, কিন্তু রাত হলেই বাড়তে থাকে শীতের প্রকোপ। পৌষের ঠান্ডাকে টেক্কা দিতে তাই শুরু হয়ে গেছে মানুষের প্রস্তুতি।

সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে শুরু করে নিউমার্কেট এলাকা পর্যন্ত রাস্তার দুপাশে স্থায়ী ও অস্থায়ী দোকানে শীতের নানা ধরনের গরম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতারাও ভিড় করছেন সেই সব দোকানে। ক্রেতা-বিক্রেতারা বলছেন, গত কয়েক দিন থেকে রাজধানীতে শীতের প্রভাব কিছুটা বেড়ে যাওয়ায় গরম পোশাকের বিক্রিও বেড়ে গেছে। বিভিন্ন বয়সের মানুষ এসব পোশাক কিনছেন। তবে দামে কিছুটা কম হওয়ায় অস্থায়ী বা ফুটপাতের দোকানগুলোতেই ভিড় একটু বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত রোববার ঢাকা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ভোরে বা রাতে এই তাপমাত্রা কমে যায় অনেকটাই। ওই সময় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে। তাপমাত্রা যত কমবে, শীতের পোশাকের চাহিদাও ততই বাড়বে।

রোববার সকালে নিউমার্কেটে কথা হয় তানজীল করপোরেশনের স্বত্বাধিকারী কবির উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি জানান, নতুন নতুন শীতের সোয়েটার ও জ্যাকেট বিক্রি হচ্ছে তাঁর দোকানে। কয়েক দিন ধরে তাঁর দোকানে শীতের পোশাক বিক্রির হার বেড়েছে। তিনি বলেন, ঢাকার বাইরে শীত পড়েছে অনেক আগে। কিন্তু ঢাকায় বেশ দেরিতে হলেও শীত কিছুটা পড়ায় গরম পোশাক বিক্রির পরিমাণ বেড়েছে।

উত্তরা থেকে নিউমার্কেট এলাকায় শীতের পোশাক কিনতে এসেছিলেন মুনিরা সুলতানা। তিনি বলেন, গত বছরে যেসব শীতের পোশাক কিনেছেন, তা পুরোনো হয়ে গেছে। নিউমার্কেট এলাকায় শীতের পোশাক কিছুটা কম দামে পাওয়া যায় বলে এত দূর থেকে এখানে এসেছেন তিনি।

স্থায়ী দোকানের চেয়ে ফুটপাতে শীতের পোশাকের দাপট বেশি চোখে পড়ে। আর এসব দোকানে ভিড়ও বেশি। ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে গরম পোশাকের পসরা নিয়ে বসেছেন আবদুল মোতালেব নামের এক বিক্রেতা। একটু পরপর হাঁক দিয়ে ক্রেতা টানার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘ভালোই বিক্রি হইতাছে। আর একদম সস্তা তো। মানুষ আইতেছে আর কিনতেছে। পাঁচটা-দশটা কইরা লইয়া যাইতেছে।’

তবে কানাডা ফ্যাশনের বিক্রেতা জানালেন, শীতের পোশাক তাঁদের দোকানে তেমন বিক্রি হচ্ছে না। তিনি বলেন, ‘কী আর বলতাম, গরমের মৌসুমেই শীতের কাপড় বেশি বেচছি। গরমকালে যারা বিদেশে যায়, তারা এগুলা কিন্না লইয়া যায়। কিন্তু শীতে এবার জমজমাট বিক্রি হয় নাই।’ তবে তিনি আশা করছেন, আরও বেশি শীত পড়লে বিক্রি কিছুটা বাড়বে।

গরম পোশাকের মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সোয়েটার, জ্যাকেট, শাল, হাতমোজা, পায়ের মোজা, কানটুপি, শিশুদের পোশাক, কম্বল প্রভৃতি। কম্বল কিনতে মোহাম্মদপুর আদাবর থেকে এসেছেন ব্যবসায়ী আমিনুর রহমান। ট্রাভেল ফেয়ার নামের একটি কম্বল বিক্রেতা প্রতিষ্ঠানের সামনে তিনি বললেন, রাতে এখন শীত বেশি লাগছে। কাঁথা দিয়ে আর হচ্ছে না। তাই কম্বল কিনছেন তিনি।

ফার্মগেট এলাকায় গিয়ে দেখা গেল, সেখানেও গরম পোশাক বিক্রি হচ্ছে রাস্তার ওপর ফুটপাতে। রাস্তা দখল করে এখানে কেন পোশাক বিক্রি করছেন জানতে চাইলে বিক্রেতা আলমগীর হোসেন বলেন, ‘কী আর করমু, শীতকালেও একটু ব্যবসা করতে দিবেন না?’ আলমগীরের কথা শুনে ক্রেতা মাহমুদ আলম বলেন, ‘আসলে আমরা ফুটপাত থেকে কাপড় কিনি বলেই তারা বসে। এখানে কিছুটা কম দামে কাপড় পাওয়া যায় বলেই কিনি।’