গরম পোশাক কিনতে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরেই রাজধানীতে শীত বেড়েছে। অনেক বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকার পর দেখা মিলছে সূর্যের। এদিকে শীত বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে গরম পোশাকের দোকানগুলোতে ভিড়-ভাট্টাও বেড়েছে। মানুষ নিজেদের চাহিদামতো পোশাক কিনছেন। আবহাওয়া অধিদপ্তর জানায়, শৈত্যপ্রবাহ, কুয়াশা ও মেঘাচ্ছন্ন আবহাওয়া আরও কয়েক দিন দিন চলতে পারে।
নিউমার্কেট এলাকায় গতকাল বিকেলে গরম পোশাকের দোকানগুলোতে মানুষের বেশ জটলা দেখা যায়। চাহিদামতো মানুষ বিভিন্ন ধরনের গরম পোশাক যেমন—সোয়েটার, কম্বল, জ্যাকেট, হাত-পা মোজা, মাফলার, কানটুপি কিনছেন। সেখানকার গরম পোশাকের দোকানি অরবিন্দ শাহ জানান, শীতের পোশাকের চাহিদা বেশি। তবে এবারের হরতাল-অবরোধের কারণে বেচা-বিক্রিতে ভাটা পড়েছে। ক্রেতাদের অনেকেই পাতলা ও ফ্যাশনেবল গরম পোশাকের প্রতি আগ্রহ দেখান।
মোহাম্মদপুর কাঁটাসুরের বাসিন্দা মাজেদুল হক ও আইনুন নাহার নিউমার্কেটে শীতের পোশাক কিনতে এসেছেন। তাঁরা জানান, শীত বেড়ে যাওয়ায় নিজেদের পাশাপাশি তাঁদের শিশুদের জন্যও গরম পোশাক খুঁজছেন।
সোয়েটারসহ অন্যান্য গরম পোশাকের পাশাপাশি কম্বলের চাহিদাও রয়েছে। নিউমার্কেটের মক্কা লেদার স্টোরের কম্বলবিক্রেতা মাহমুদ জানান, শীতে সব সময় উলের কম্বলের চাহিদা বেশি। সাধারণত চায়না ও কোরিয়ার কম্বল বেশি বিক্রি হয়। এসব কম্বল পাওয়া যায় এক হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে। তাঁর দাবি, গত শীতে যে কম্বল বিক্রি করেছিলেন, এবার হরতাল-অবরোধে তাঁর চার ভাগের এক ভাগও বেচতে পারেননি।
শীতের পোশাক বিক্রির আরেকটি বড় বাজার ঢাকা কলেজের উল্টো দিকে হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট। এখানেও গতকাল শীতের পোশাক ক্রেতাদের ভিড় দেখা যায়। দোকান ঘুরে দেখা গেছে, ছেলেমেয়েদের দেশি গার্মেন্টসের সোয়েটার বিক্রি হচ্ছে ৪০০ থেকে দেড় হাজার টাকার মধ্যে। এ ছাড়া বিভিন্ন ধরনের জ্যাকেট, ভারী সোয়েটার বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে চার হাজার টাকায়। হাত-পা মোজা, কানটুপি, মাফলার মিলছে ৪০ থেকে দেড় শ টাকার মধ্যে।
ফার্মগেটে সেজান পয়েন্ট ও আনন্দ সিনেমা হলের সামনে রাস্তার পাশে কিছুটা কম দামে গরম পোশাক বিক্রির তোড়জোড় দেখা গেল। বিক্রেতারা পোশাক উঁচিয়ে দাম হাঁকাচ্ছেন, ‘খালি লন, দেড় শ, এই লন দুই শ। ফুরায় গ্যালে পাইবেন না।’ নৈশপ্রহরী মোজাম্মেল হোসেন ফার্মগেট এলাকায় কম দামের গরম পোশাক কিনতে এসেছিলেন। তিনি বলেন, ‘রাইতে ডিউটি দেওন লাগে, হের লাইগ্যা সোয়েটার কিনবার আইছি। ক্ষুধাও সহ্য করা যায়, শীত সয় না।’