গরম, ভিড় উপেক্ষা করেই চলছে ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। ময়মনসিংহ শহরের স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ‘মার্কেট পাড়া’ হিসেবে পরিচিত এলাকার দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। শেষ সময়ে পছন্দের পোশাকটি কিনেতে ভিড় করছেন তাঁরা। সেই সঙ্গে পুরো এলাকাজুড়ে বেড়েছে যানজট। শুধু ‘মার্কেট পাড়া’ নয়, ময়মনসিংহ শহরের যেখানে বিপণিবিতান আছে, সেখানে একই দশা।
ময়মনসিংহ শহরের স্টেশন রোড, গাঙ্গিনারপাড় ও নতুন বাজার এলাকার বিপণিবিতানগুলোতে গত বৃহস্পতিবার ঘুরে দেখা যায়, তীব্র গরম ও যানজট উপেক্ষা করে মানুষের ভিড়। গাঙ্গিনারপাড় এলাকার আজাদ বস্ত্রবিতানে গিয়ে দেখা যায়, পছন্দের শাড়ি বেছে নিতে বিভিন্ন বয়সী নারীদের ভিড়। ক্রেতাদের বসার জন্য রাখা আসনগুলোতে জায়গা না পেয়ে অনেকেই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
এদিকে তরুণীরা পছন্দের সালোয়ার-কামিজের জন্য ভিড় করছেন বারী প্লাজা, সরকার ম্যানশন, হেরা প্লাজা ও বাসাবাড়ি হর্কাস মাকের্টের মতো জায়গায়। বারী প্লাজায় কয়েকজন তরুণীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, বেশির ভাগ বিপণিবিতানের বিক্রেতাই থ্রি-পিসের দাম হাঁকছেন অনেক বেশি। দামাদামি করতে করতে শেষ পর্যন্ত কিন্তু অনেক কম দামেই তাঁরা বিক্রি করছেন। যেসব ক্রেতা তেমন দামাদামি করতে পারছেন না, তাঁদের ঠকার সম্ভাবনাই বেশি। এবার এখানে তরুণীদের পছন্দের পোশাক হচ্ছে ‘পাখি’।
কেনাকাটায় পিছিয়ে নেই তরুণেরাও। তাঁরাও পছন্দের জিনস, টি-শার্ট আর পাঞ্জাবির জন্য গাঙ্গিনারপাড়ের বারী প্লাজা, অলকা নদী বাংলা কমপ্লেক্স ও নতুন বাজার এলাকার মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজায় ভিড় করছেন। এসব স্থানে ৮০০ থেকে ৩০০০ টাকায় জিনস, পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। টি-শার্ট পাওয়া যাচ্ছে ২০০ থেকে ৮০০ টাকায়। জুতার জন্য বেশি ভিড় হচ্ছে গাঙ্গিনারপাড় এলাকার ইম্পেরিয়াল সুপার মার্কেটে।
অন্যদিকে নিম্ন আয়ের মানুষেরা ঈদের কেনাকাটার জন্য এসব মার্কেটে ঢুকতে না পেরে ভিড় করছেন স্টেশন রোডের কিছু দোকান ও ফুটপাতে।