গরমকালে বরিশাল থেকে এসে আইসক্রিম ব্যবসা
বরিশালের মো. শফিকুল হক প্রতিবছর গরমকাল আসার আগে চট্টগ্রাম আসেন। এসে আইসক্রিম বানানোর ব্যবসা শুরু করেন। কোনো ধরনের ছাড়পত্র ছাড়া অস্বাস্থ্যকর রং ও ঘনচিনি ব্যবহার করে আইসক্রিম তৈরি এবং বিক্রি করত হ্যাপি আইসবার নামের কারখানাটি।
গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সদরঘাট থানাধীন ডিটি রোড এলাকার ওই আইসক্রিম কারখানাটি সিলগালা করেছেন। পাশাপাশি কারখানার মালিক শফিকুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন।
রুহুল আমীন জানান, এই লোক প্রতিবছর গরমের আগে চট্টগ্রাম এসে আইসক্রিম তৈরির কাজে লেগে যান বলে নিজেই জানিয়েছেন। তাঁর কারখানার কোনো ধরনের ছাড়পত্র নেই। খাবার অনুপযোগী রং ও ঘনচিনি ব্যবহার করে তিনি আইসক্রিম বানাতেন।
অভিযান সূত্রে জানা গেছে, ঘনচিনি, সাইট্রিক অ্যাসিড, সবুজ রং দিয়ে লেমন আইসক্রিম বানানো হচ্ছিল। এ ছাড়া কুলফি আইসক্রিম বানানোর জন্য ব্যবহার করা হতো ঘনচিনি, স্যাকারিন ও অ্যারারোট।
কারখানাটি থেকে ৫ হাজার আইসক্রিম ও ১০ হাজার টাকার বিভিন্ন রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।