গরমে আরামের খোঁজে বাড়ির উঠোনে অজগর
ভাদ্রের কাঠফাটা রোদ। বনাঞ্চলে গরমের কারণে দিনশেষে অজগর আরামের খোঁজে বাড়ির উঠোনে গিয়ে আশ্রয় নেয়। গাছের গোড়ায় পেরেশান হয়ে বসা এ অজগর দেখে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি মালিক খবর দেন পার্শ্ববর্তী খাদিমনগর জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের কর্মীদের। গাছের গোড়া থেকে শান্ত অজগরকে কায়দা করে রশি দিয়ে বেঁধে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সিলেটের খাদিমপাড়ার বংশিধর গ্রামে গত শনিবার বিকেলে উদ্ধার করা অজগর সন্ধ্যায় জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়। খাদিমনগর জাতীয় উদ্যানকর্মীরা জানান, বংশিধর গ্রামের সিরাজ মিয়ার বাড়ির উঠোনে মেহগনিগাছের গোড়ায় বসেছিল অজগর। লোকজন আতঙ্কিত হয়ে ঘিরে ধরলেও অজগরটি নড়ছিল না। খবর পেয়ে খাদিমনগর জাতীয় উদ্যানে বন্য প্রাণী সংরক্ষণে বেসরকারি সংস্থা সিএনআরএসের ‘আইপ্যাক’ প্রকল্পের কর্মীরা অজগরটি রশি দিয়ে বেঁধে গাছের গোড়া থেকে খাদিমনগর জাতীয় উদ্যানে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বনে অবমুক্ত করেন।আইপ্যাক প্রকল্পের মাঠ কর্মকর্তা অর্জুন চন্দ্র দাস জানান, জাতীয় উদ্যানের প্রশিক্ষিত কর্মী শিপেন গোয়ালা কায়দা করে রশি দিয়ে বেঁধে অজগরটি উদ্ধার করেন। পর্যবেক্ষণে দেখা গেছে, প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ২০ কেজি ওজনের এই অজগরটি মাত্রই খাবার খেয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। অত্যধিক গরমের কারণে অজগরটি পেরেশান বলে মনে হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে খাদিমনগর জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুল হকের উপস্থিতিতে অজগরটি সন্ধ্যায় বনে অবমুক্ত করা হয়।জাতীয় উদ্যানে বন্য প্রাণী সংরক্ষণ ও পর্যবেক্ষণের বরাত দিয়ে সিএনআরএসের জনসচেতনতামূলক প্রকল্পের সমন্বয়কারী সমীর সমাদ্দর বলেন, ‘সিলেটের বনাঞ্চল উজাড় করার প্রবণতায় প্রাকৃতিক অবস্থা আর আগের মতো নেই। এ কারণে শীতকালে শীতার্ত ও গ্রীষ্মকালে গরমে বন্য প্রাণীর আবাসস্থল বিপর্যয়ের মুখে। তবে বন্য প্রাণী রক্ষায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে গিয়ে নির্ঘাত প্রাণহানি থেকে রক্ষা পাচ্ছে এসব প্রাণী।’