গরমে ঈশ্বরদীতে ৫০ হাজার মুরগির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড রোদ ও মাত্রাতিরিক্ত তাপ সহ্য করতে না পেরে ঈশ্বরদীর বিভিন্ন পোলট্রি খামারে মুরগি মারা যাচ্ছে। কলেরা ও রানীক্ষেত রোগেও গত দুই সপ্তাহে ৫০ হাজার মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এ অবস্থায় খামারের মালিকেরা দিশেহারা হয়ে পড়লেও উপজেলা পশুসম্পদ অধিদপ্তরের কাছে এ বিষয়ে কোনো সঠিক হিসাবই পাওয়া যায়নি।

শহরের অরনকোলার খামারমালিক আজিজুল হক বলেন, গরম, কলেরা ও রানীক্ষেতের মতো রোগে তাঁর খামারের বেশ কিছু মুরগি মারা গেছে। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কেউ কোনো খোঁজখবর নিচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন। তাঁর খামারসহ পুরো উপজেলায় দুই সপ্তাহে কমপক্ষে ৫০ হাজার মুরগি মারা গেছে বলে জানান আজিজুল হক।

দাশুড়িয়া বিসমিল্লাহ পোলট্রি ফার্মের মালিক রনি মালিথা বলেন, কলেরা, রানীক্ষেত রোগ ও গরমে তাঁর ছয় হাজার ২০০ লেয়ার মুরগি মারা গেছে। এতে তাঁর ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মৃত মুরগিগুলো তিনি মাটিতে পুঁতে ফেলেন।

ওই খামারমালিক বলেন, তাঁর খামার ছাড়াও দুই সপ্তাহে ছলিমপুর ইউনিয়নের শেখেরদাইড় গ্রামের জুয়েল প্রামাণিকের চার হাজার, মাড়মী গ্রামের আরিফের এক হাজার ৭০০, কালিকাপুরের খোকনের ৩০০ মুরগি মারা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নাসরিন পারভীন বলেন, অতিরিক্ত গরমে মুরগির পাশাপাশি কিছু কবুতর মারা যাওয়ারও খবর পেয়েছেন তাঁরা। এ ছাড়া কলেরা ও রানীক্ষেতের মতো কিছু রোগেও বহু মুরগি মারা যাচ্ছে। তবে মারা যাওয়া মুরগিগুলোর সঠিক হিসাব তাঁদের কাছে নেই।

নাসরিন পারভীন আরও বলেন, মুরগির শরীরে সাধারণত ১০৭ ডিগ্রি ফারেনহাইট তাপ থাকে। কিন্তু পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে সহ্য ক্ষমতা অতিক্রম করলেই মুরগির মৃত্যুঝুঁকি বাড়ে। তা ছাড়া খামারিদের অসচেতনতা ও জীবাণু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় একটি খামারের মুরগি কলেরা বা রানীক্ষেত রোগে আক্রান্ত হলে কাছাকাছি খামারগুলোতে দ্রুত তা ছড়িয়ে পড়ে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, মুরগি মারা যাওয়ার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।