গরমে ডাবও গরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবের পসরার সামনে দ্বিধান্বিত ক্রেতা। ছবি : আল ইমরান
ডাবের পসরার সামনে দ্বিধান্বিত ক্রেতা। ছবি : আল ইমরান

‘ভাই আসেন ডাব খান, ডাব।’
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে কাঠ ফাটা রোদে বসে ঝাঁকাভর্তি ডাব দেখিয়ে কেনার আমন্ত্রণ জানান বিক্রেতা আবদুর রহিম।
দাম জিজ্ঞেস করতেই বৈশাখী দমকা হাওয়ার মতো কণ্ঠস্বর ভারী করে রহিম বলেন, ‘একদাম ৪০ ট্যাকা। এই দামে খাইলে খাইতে পারেন।’
দাম বেশি হাঁকার কারণ জানাতে চাইলে রহিম, ‘গরম পড়ছে, মাইনষে বিশি বিশি খাইতাছে। ডাব ঢাকায় আইতাছে কম। তাই দাম বিশি।’
রহিমের ঝাঁকা ভরা সবুজ ডাব তৃষ্ণার্ত মানুষকে টানলেও এ দাম শুনে অনেকের গলা শুকিয়ে যাবে।
৪০ টাকার একটি ডাবে ২০০ মিলি লিটার পরিমাণ পানি পাওয়া যাবে কি না সন্দেহ। রহিমের কাছ থেকে ডাবের পানি পান করে জানালেন জামাল হোসেন নামে এক ক্রেতা। ভরদুপুরে প্রতিদিনই কারওয়ান বাজারে এসে একটি করে ডাব কেনেন তিনি। তবে ডাবের দাম যেন বাড়ছে তো বাড়ছেই। মাস দুয়েক আগে এ রকম ডাব একেকটা পাওয়া যেত মাত্র ২০ টাকায়।
দাম যা-ই হোক, ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে তপ্ত ঢাকার নগরবাসীর তৃষ্ণা তো মেটাতেই হবে।  কেউ পান করছেন ডাবের পানি, কেউবা খাচ্ছেন শসা। মরিচ-লবণ মেশানো একটি শসার ফালি ১০ টাকা। অর্ধেকটার দাম পাঁচ টাকা। ছোট একটি পাকা বেল ৪০ টাকা। গরম যত পড়বে, ডাব-বেল-শসার কদরও তেমনি বাড়বে। তবে আপাতত অস্বস্তি মেশানো গরম থেকে মুক্তি মিলছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরও বেশ কয়েক দিন গরমের দাপট চলবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, গতকাল রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপ ছিল ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস  ছিল, যা স্বাভাবিকের চাইতে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। রাজশাহী জেলায় তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের চাইতে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটিও তুলনামূলকভাবে বেশি। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি রয়েছে। সূর্যের তাপে ভূমি ও বায়ুমণ্ডল উত্তপ্ত থাকছে। মানুষের শরীরে ঘাম হচ্ছে। কিন্তু বাতাস পানি নিয়ে পারছে না। এ জন্য অনেক সময় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনেকের মনে হতে পারে তাপমাত্রা বোধহয় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

তবে এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস। তাই গরম পড়বেই।