গরমে দ্রুত বংশবৃদ্ধি হচ্ছে 'জায়ান্ট মিলিবাগ' পোকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের একটি গাছে জায়ান্ট মিলিবাগ নামের পোকা। সম্প্রতি তোলা ছবি । প্রথম আলো
রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের একটি গাছে জায়ান্ট মিলিবাগ নামের পোকা। সম্প্রতি তোলা ছবি । প্রথম আলো

রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজে প্রকোপের কারণে আলোচিত জায়ান্ট মিলিবাগ নামের পোকা নগরের আরও কয়েকটি স্থান এবং ঠাকুরগাঁও জেলায় দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, গরমের কারণে দ্রুত বংশবৃদ্ধি করে আরও ছড়ানোর আশঙ্কা থাকায় পোকাটিকে এখনই দমন করতে হবে।
রাজধানীর আজিমপুরে অবস্থিত গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাসে কিছুদিন ধরে পোকাটির উপদ্রব শুরু হয়। দুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শেরেবাংলা কৃষি বিশ্ব-বিদ্যালয়, ফার্মগেট এবং উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে এই পোকার উপদ্রব দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, পোকাটি ফলদ ও কাঠজাতীয় উদ্ভিদের জন্য বেশি ক্ষতিকর। তবে সংবেদনশীল ত্বকের মানুষের শরীরে লাগলে এটি চুলকানির কারণ হতে পারে।
প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাস ও শামসুন্নাহার হলে এই পোকার উপদ্রব দেখা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, পোকা দমনে কীটতত্ত্ববিদদের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম বলেন, গরমের কারণে এটি অপেক্ষাকৃত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হয়তো গার্হস্থ্য অর্থনীতি কলেজের মাটি উপযোগী না হওয়ায় এটি এখন ডিম পাড়ার উপযোগী মাটি খুঁজতে ঢাকার অন্যান্য জায়গাতে ছড়াচ্ছে।
পোকাটি নিয়ে পিএইচডি করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোছা. নূর মহল আখতার বানু। এটি দমনের কৌশল সম্পর্কে প্রথম আলোকে তিনি বলেন, কয়েকটি উপায়ে তা করা যাবে। এর মধ্যে এপ্রিল মাসে গাছের গোড়ায় পলিথিন পেঁচিয়ে ওপরের অংশ খুলে রাখলে স্ত্রী পোকাগুলো সেখানে জমা হবে। পরে সেগুলো সংগ্রহ করে পুড়িয়ে বা মাটির এক মিটার গভীরে পুঁতে ফেলতে হবে। এ ছাড়া মে-জুন মাসে গাছের গোড়ার আবর্জনা ও মাটি সরিয়ে রোদ লাগার ব্যবস্থা করতে হবে, যাতে ডিম নষ্ট হয়ে যায়। পূর্ণবয়স্ক পোকার ছড়িয়ে পড়া ঠেকাতে গাছের চারদিকে নালা তৈরি করে তাতে কেরোসিনমিশ্রিত পানি দিয়ে রাখতে হবে।
আখতার বানু জানান, বাংলাদেশে এই পোকা তুলনামূলকভাবে নতুন। পার্শ্ববর্তী কোনো দেশ থেকে এটি এসেছে। ২০০৩ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই পোকা প্রথম দেখা যায়। তবে তখন প্রাদুর্ভাব অনেক কম ছিল। তিনি জানান, এর আরেকটি নাম হচ্ছে ম্যাংগো মিলিবাগ।
সম্প্রতি গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাসে ব্যাপকভাবে এই পোকার উপদ্রব শুরু হলে বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি বিশেষজ্ঞ দল কাজ করে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আবুল বাশার বলেন, পানি ছিটালে বা বৃষ্টি হলে এর উপদ্রব কমবে।
গবেষকেরা বলছেন, এ পোকা নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি গাছের কচি পাতা, ফুলের কুঁড়ি, ফল ইত্যাদি খায়। এ কারণে আক্রান্ত গাছ নিস্তেজ হয়ে মারা যেতে পারে।
প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলা শহরের বিভিন্ন এলাকায় জায়ান্ট মিলিবাগ পোকা দেখা যাচ্ছে। খবর পেয়ে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পোকার পরিচয় নিশ্চিত করেন এবং দমনের পরামর্শ দেন।