গরমে পানি ও বিদ্যুৎসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখের খরতাপের মধ্যে চট্টগ্রাম নগরের কয়েকটি এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। এ পরিস্থিতিতে নগরবাসীর কাহিল অবস্থা।

আবহাওয়া দপ্তর সূত্র জানায়, আজ বুধবারও দাবদাহ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 

খোঁজ নিয়ে জানা যায়, নগরের পাহাড়তলী বাঁচা মিয়া রোডের বাংলাদেশ ব্যাংক কলোনি, চৌমুহনী, ব্যাপারীপাড়া, শান্তিবাগ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর এ, বি, এইচ ও কে ব্লক, জামাল খান, আসকারদীঘিপাড়সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা পানি পাচ্ছে না। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় ওয়াসার উৎপাদন ও সরবরাহ কমে গেছে। 

হালিশহর এইচ ব্লক সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হালিশহর এইচ ব্লক আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে না। অথচ মাসে মাসে বিল নেওয়া হচ্ছে পানি না দিয়েই।

পাহাড়তলী বাঁচা মিয়া রোডের ব্যাংক কলোনির বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৪ এপ্রিলের পর থেকে আমরা ওয়াসার কোনো পানি পাচ্ছি না। প্রচণ্ড গরমে পানি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রান্না, গোসল ও খাবারের পানি কিনতে হচ্ছে দিনের পর দিন।’ তাঁর প্রশ্ন, এভাবে কত দিন চলা সম্ভব?  

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুল করিম চৌধুরী বলেন, গরমে পানির ব্যবহার বেড়ে গেছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, ‘১৫টি গভীর নলকূপ স্থাপনের জন্য আমাদের একটি প্রকল্প বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। এটি অনুমোদন পেলে সমস্যার সমাধান হবে।’

প্রধান প্রকৌশলী আরও বলেন, আপাতত কাজ চালানোর জন্য ওয়াসা কালুরঘাটসহ নগরের কয়েকটি এলাকায় গভীর নলকূপ বসানোর কাজে হাত দিয়েছে। মাস দেড়েকের মধ্যে আরও ৫০ থেকে ৬০ লাখ লিটার পানি উৎপাদন বাড়ানো যাবে।

সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার একটি বড় প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আগামী বছরের মার্চ বা এপ্রিলের মধ্যে প্রকল্পটির বাস্তবায়নের কাজ শেষ হলে আরও ১৩ কোটি ৬০ লাখ লিটার পানি উৎপাদন বাড়বে। সূত্রমতে, আগামী বছরের এপ্রিলের আগে চট্টগ্রাম নগরে পানির সংকট দূর হবে না।

এদিকে নগরের হালিশহর ও আগ্রাবাদ এলাকার বাসিন্দারা বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ। বিদ্যুৎ না থাকলে বাসাবাড়িতে টেকা দায়।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যুৎ চলে যাওয়ায় বিপাকে পড়ে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক মোহাম্মদ নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা নিজস্ব জেনারেটর দিয়ে কোনোভাবে জরুরি কাজ চালাচ্ছি।’

বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে লোডশেডিং বেশি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। অনেকে বলেন, কর্মঘণ্টার অর্ধেক সময় পর্যন্ত বিদ্যুৎ থাকে না। ফলে ব্যবসায়িক ও দাপ্তরিক কাজ চালানো কষ্টকর হয়ে পড়ে।  

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দক্ষিণ) প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘আমরা যেটুকু বিদ্যুৎ পাচ্ছি, তা সবাইকে সমভাবে বণ্টনের চেষ্টা করছি। এর মধ্যে হাসপাতাল ও পত্রিকা অফিসগুলোতে যতটুকু সম্ভব বিদ্যুৎ সরবরাহ করা যায়, সেদিকে নজর দেওয়া হচ্ছে।’

পিডিবি সূত্র জানায়, চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা সাড়ে ৬০০ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে সাড়ে ৫০০ মেগাওয়াট।

খরতাপ: প্রচণ্ড গরমে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। গরমের কারণে নগরের রাস্তাঘাটে গাড়ি কমে গেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। 

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গত সোমবার চট্টগ্রাম নগরে ৩৯ দশমিক ৬ এবং সীতাকুণ্ডে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাম্প্রতিক কালে চট্টগ্রামে এমন গরম আর পড়েনি। 

আবহাওয়ার পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশীদ জানান, উষ্ণ তাপপ্রবাহের কারণে অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

সিএনজিচালিত অটোরিকশার চালক রশীদ উল্লাহ বলেন, ‘আমার জনমে এমন তাপ দেখি নাই। সামনে তাকালেই আগুনের হলকা এসে লাগছে। বাতাসও যেন আগুনের উপর দিয়ে আসছে।’