গরমে পানিসংকট, বর্ষায় জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গলিগুলান খানাখন্দে ভরা। বৃষ্টি হইলেই কাদা হয়। হাঁটুন যাই না। সমস্যা কারে কমু জানি না।’ কথাগুলো বলছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের (বাংলামোটর-দিলুরোড-মগবাজার-ওয়্যারলেস গেট) বাসিন্দা মোহাম্মদ নাছির। তাঁর আশা—মেয়র নির্বাচিত হলে এ সমস্যা থাকবে না।
গতকাল বুধবার মগবাজারের রেলগেটের ওয়্যারলেস গেটে পৌঁছালাম, তখন দুপুর ১২টা। রেলগেট থেকে নামতেই দেখা মেলে আটটি বড় গর্তের। গর্তের পাশে ভ্যানগাড়িতে সবজির দোকান দিয়েছেন কয়েকজন। সেখানে কথা হয় নাছিরের সঙ্গে। সেখান থেকে একটু এগোলেই টিঅ্যান্ডটি ডাস্টবিন। সকালে বৃষ্টি হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। নাকে হাত দিয়ে পার হচ্ছিল এলাকাবাসী। এ তো গেল একটি সড়কের কথা।
মগবাজার এলাকার বেশির ভাগ গলিপথই খানাখন্দে ভরা, এবড়োখেবড়ো। একটি বৃষ্টি হলেই খানাখন্দে জমে যায় পানি। এতে পথ হয়ে পড়ে কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী। এলাকাবাসী জানান, এই এলাকার প্রধান সমস্যা হলো গ্রীষ্মকালে পানিস্বল্পতা, বর্ষাকালে জলাবদ্ধতা আর গলিপথের খানাখন্দ।
ওই এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘৩৫ নম্বর ওয়ার্ডে কোনো সরকারি কমিউনিটি সেন্টার নেই। যেটা ছিল, সেটা এখন র্যা ব-৩-এর আঞ্চলিক কার্যালয়। এই এলাকা থেকে ছিনতাইকারীরা ছিনতাই করে সহজেই হাতিরঝিল দিয়ে নাগালের বাইরে চলে যায়।’
বড় মগবাজারের চারুলতা মার্কেটের ব্যবসায়ী আবদুল তাঁর দোকানের সামনের গলিপথ দেখিয়ে বলেন, ‘দেখেন এই রাস্তার কী অবস্থা! এক বছর আগে করছিল। এখনই ঢালাই উইঠ্যা গেছে। রাত ১২টার পর করছে। মহল্লার মানুষ এটা দেখে নাই। ওয়ার্ড কমিশনার থাকলে সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার এমন ফাঁকি দিতে পারত না।’ তিনি আরও বলেন, ‘আমরা সাধারণ ব্যবসায়ী। কোনো দলের না। যে দল ক্ষমতায় আসে, সেই দল হয়ে যাই।’ চারুলতা মার্কেটের ঢালুর দিকের আরেক বাসিন্দা বলেন, ‘এই এলাকায় বর্ষাকালে হাঁটুপানি থাকে। আর এখন বাসায় পানি নাই।’
ইস্কাটনের দিলু রোডের প্রগতি স্কুলের কাছের একটি ফার্মেসির সামনে গল্প করছিলেন তিনজন। তাঁদের প্রশ্ন করলাম, আপনাদের এই ওয়ার্ডের প্রধান সমস্যা কী? সাহিদ নামের একজন জানান ‘মশা’। তিনি বলেন, ‘আমাদের কোনো সমস্যা ছিল না। সবই আমাদের সৃষ্টি। চারজনের চারটা সুবিধা নিতে গিয়া মহল্লার সবার অসুবিধা হইছে।’
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দিয়েছেন ১২ জন। তাঁরা হলেন রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক মোক্তার সরদার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মুখলেসুর রহমান, দলের ৩৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান, বিএনপিসমর্থিত সাবেক কাউন্সিলর শর্মিলা ইমাম, দলের শেখ আমির হোসেন। এ ছাড়া আছেন কাজী জাহিদ হোসেন, মো. মঞ্জুরুল আলম, মো. রেজাউল্লাহ লাবু, মোসফেকুল জামিল, মোহাম্মদ আবুল কালাম ও হেলাল উদ্দিন আহমেদ।
এলাকার সর্বশেষ কাউন্সিলর শর্মিলা ইমাম। নির্বাচিত হলে এলাকার জন্য কী করবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘এই এলাকাকে ঢাকা শহরের হান্ড্রেড পার্সেন্ট মডেল করে তুলব।’
ফয়জুল মুনির ঢাকা সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারে র্যা বের কার্যালয় হওয়া নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘র্যা বের জন্য ইচ্ছা করলে অন্য জায়গা দেওয়া যেতে পারে। কারণ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাহেব এই এলাকার সাংসদ। আমি নির্বাচিত হলে এটা মন্ত্রীকে দিয়ে করার চেষ্টা করব।’ এই ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, নজরুল শিক্ষালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।