গরমে বিদ্যালয়ে উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরম ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। এ অবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীরা সকালে ক্লাস শুরুর আবেদন জানিয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পৌরসভার লাইনের পানির কলে শিক্ষার্থীদের ভিড়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগম জানান, পৌরসভার পানির সরবরাহ থাকে বেলা দুইটা পর্যন্ত। এ পর্যন্ত কলের কাছে পানি পান করার জন্য শিক্ষার্থীদের লাইন থাকে। তিনি জানান, কয়েক দিন ধরে প্রচণ্ড গরমের কারণে বিদ্যালয়ে উপস্থিতি কমে যাচ্ছে। দুপুরে টিফিনের পর অর্ধেকসংখ্যক শিক্ষার্থীও থাকে না।পৌর এলাকার শংকবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন জানান, শিক্ষা কার্যালয় থেকে সরবরাহ করা কক্ষের তাপমাত্রা মাপার যন্ত্রে বৃহস্পতিবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে। এখানেও দুপুরের পর অর্ধেকসংখ্যক শিক্ষার্থী থাকে না।গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র অঞ্চলের কাজিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের চালা টিনের। সকাল ১০টার পর থেকেই শ্রেণীকক্ষগুলো গরম হয়ে ওঠে। আর দুপুরের দিকে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। দুপুরের পর বিদ্যালয় প্রায় শিক্ষার্থীশূন্য হয়ে পড়ে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল বলেন, পরিস্থিতি বিবেচনা করে সকালের পালায় (সকাল সাড়ে ছয়টা বা সাতটা থেকে) বিদ্যালয় চালু করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বৃহস্পতিবার আবেদন পাঠানো হয়েছে।