গরমে, বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ রায়গঞ্জবাসী
চৈত্রের খরতাপের সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
উপজেলার রায়গঞ্জ পৌরসভা, চান্দাইকোনা, ব্রহ্মগাছা, ধানগড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দশটি গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, এসব স্থানে বর্তমানে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকার গৃহবধূ শিউলি ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বিভিন্ন অজুহাতে। কিন্তু গরমে অবস্থা কাহিল হলেও ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভুইয়াগাঁতী আঞ্চলিক কার্যালয়ের একটি সূত্র জানায়, সেচ মৌসুমের এ সময়ে আবার হঠাৎ করে মাত্রাতিরিক্ত গরম পড়েছে। এতে একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। অন্যদিকে ওভারলোডে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে।
কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শামীম খান বলেন, পরিস্থিতি বদলাতে কী করা যায়, তা খুঁজে দেখা হচ্ছে।