গরমে মৌসুমি ফলের রস

এখনো রোদের তাপে গলা শুকিয়ে কাঠ না হলেও মৌসুমি ফলের আগমনে ফলের জুসের দোকানগুলো জমে উঠছে। বাজারে এবার আগেভাগেই অনেক ফল চলে এসেছে। আড্ডায় কিংবা তৃষ্ণায় তাজা ফলের রস বেশ জনপ্রিয়।
শুধু জুসকে কেন্দ্র করেই রাজধানীতে গড়ে উঠেছে বেশ কয়েকটি জুস বার। দেশি-বিদেশি নানা রকম ফলের সংগ্রহ আছে তাদের। প্রায় এক যুগ বয়সী ‘ঠান্ডা গরমে’ সারা বছর প্রায় সব ফলেরই জুস পাওয়া যায়। রাজধানীতে তাদের ছয়টি শাখা। গতকাল ধানমন্ডির শাখায় দেখা যায়, এক খুদে ক্রেতা হাতে পাকা আমের জুস নিয়ে বেরোচ্ছে। নুমাইয়া হাসান নামের এই খুদে ক্রেতার মা আয়শা হাসান বলেন, বড় মেয়েকে স্কুলে দিতে আসেন। তখন এই জুসের দোকানে তাঁকে থামতেই হয়। বাসায় বানানো জুস নুমাইয়া পছন্দ করে না। তিনি আরও বলেন, ‘মেয়ের সঙ্গে সঙ্গে আমারও খাওয়া হয়ে যায়।’
‘ঠান্ডা গরম’-এর বিক্রয়কর্মী শাহেদুল ইসলাম বলেন, ‘মৌসুমি ফল ছাড়াও সব ফলের জুস পাওয়া যায়। অফ সিজনের ফল আমরা নির্দিষ্ট তাপমাত্রায় বরফজাত করে রাখি।’ চাহিদা বেশি কাঁচা আম, পেঁপে, কতবেল, লেবু ও জলপাই জুসের। তিনি আরও বলেন, বৈশাখী হাওয়া শুরু হলেই জুস বিক্রি আরও বাড়বে। এখানে বসে খাওয়ার ব্যবস্থা নেই। ফল ও আকারভেদে একবার ব্যবহারযোগ্য প্রতি গ্লাসের দাম ৫০ থেকে ২৮০ টাকা পর্যন্ত।
লালবাগের ‘শাহী জুস কর্নার’ এ সন্ধ্যার পরেই ভিড় লেগে থাকে। রাত ১২টা অবধি তা চলে। দোকানি মোহন দেবনাথ বলেন, শুধু মৌসুমি ফলের জুস এখানে পাওয়া যাবে। তবে সারা বছর বিক্রি হয় আনারস, পেঁপে ও কলা। এখন চলছে তরমুজ, কাঁচা আম, স্ট্রবেরি, জলপাই ও আতার জুস। ফলভেদে জুসের দাম গ্লাসভেদে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত। পুরান ঢাকার আবুল হাসনাত সড়কে আছে ‘জুস বক্স’। অন্যান্য খাবারের সঙ্গে এখানে বিভিন্ন ফলের জুস পাওয়া যায়।
গুলশান ২ নম্বরের ‘জাস্ট জুস’-এ মৌসুমি ফলেরই প্রাধান্য বেশি। জুসকেন্দ্রিক হলেও অন্যান্য খাবারও পাওয়া যায়। জুস ছাড়া আছে নানা রকম স্মুদি। এখানে দাম পড়বে ২০০ থেকে ২৫০ টাকা।
‘কফিলাইম’-এ টাঙানো আছে হরেক রকম জুসের তালিকা। খিলগাঁওয়ের এ দোকানে আখ, লেবু, পেঁপে, জাম, জলপাই, কাঁচা আম, বরই, বেল, কমলা/মাল্টা, পাকা আমসহ অনেক ফল আছে এ তালিকায়। প্রতি গ্লাস ২৫ থেকে ৭০ টাকায় পাওয়া যাবে ‘কফি লাইম’-এর জুস।
রাজধানীর বিভিন্ন অলিগলির খাবারের দোকানগুলোয় মৌসুমি ফলের রস পাওয়া যায়। এ ছাড়া এখন রেস্তোরাঁয় আলাদা জুস কর্নার রয়েছে।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া শাহিবুল করিম প্রায় বিকেলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন জুসের খোঁজে। তিনি বলেন, ‘গরমের সময়ে অনেক
রসাল ফল পাওয়া যায় আমাদের দেশে। সব সময় বাসায় খাওয়া হয় না। তাই ঘুরে ঘুরে একেক জায়গায় স্বাদ নিতে যাই।’