গরমে শিশুদের জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট বেড়েছে
প্রচণ্ড গরমে শিশুদের মধ্যে ডায়রিয়া, ভাইরাস জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগের প্রবণতা বেড়ে গেছে। বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে এ ধরনের রোগীর আধিক্য দেখা গেছে।
শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগী আগের তুলনায় বেড়েছে। এক সপ্তাহ ধরে এ প্রবণতা বেড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এখানে গত বৃহস্পতিবার ৬২টি শিশু ভর্তি হয়েছে। পরের দিন শুক্রবার ভর্তি হয় ৫৪টি। গতকাল শনিবার এখানে মোট শিশু ভর্তি ছিল ২২১টি।
মা-শিশু ও জেনারেল হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. আবু সৈয়দ চৌধুরী জানান, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৩০ শতাংশ শ্বাসকষ্টের, ২৫ শতাংশ ডায়রিয়া, ৭ শতাংশ জ্বরের রোগী রয়েছে। গরমের কারণে এক সপ্তাহ ধরে ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্টের রোগী বেড়েছে। এ ছাড়া পাঁচ-ছয়জন জন্ডিসের রোগীও রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগেও শ্বাসকষ্টজনিত রোগী বেড়েছে। তবে এখানে ডায়রিয়ার রোগী তুলনামূলক কম। গতকাল ওয়ার্ডে মোট ৯৬ জন রোগী ছিল। তার মধ্যে শ্বাসকষ্টজনিত রোগী ২৫ শতাংশের মতো বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
জানতে চাইলে ওয়ার্ডের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, ‘গরমের কারণে শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ ও জ্বর হচ্ছে। এ ছাড়া ডায়রিয়াও হচ্ছে। এ ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি চেম্বারে। বেশি খারাপ না হলে হাসপাতালে আসে না। হাসপাতালে শ্বাসকষ্টের রোগী স্বাভাবিকের চেয়ে বেশি আসছে।’
চিকিৎসকদের মতে, গরমে বাইরের পচা-বাসি খাবার, দূষিত পানির কারণে বাচ্চাদের ডায়রিয়া ও জন্ডিস হচ্ছে। এ ছাড়া গরমের কারণে পানিশূন্যতা দেখা দিচ্ছে বাচ্চাদের। একই কারণে শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া কিংবা ব্রঙ্কিউলাইটিস রোগের প্রবণতা বেড়েছে।
মা-শিশু ও জেনারেল হাসপাতালে তিন দিন আগে জ্বর ও ডায়রিয়া নিয়ে তিন বছরের ছেলেকে ভর্তি করান নগরের হাজারী গলির বাসিন্দা রিঙ্কু সাহা। তিন দিনে ডায়রিয়া কমলেও জ্বর এখনো রয়েছে। রিঙ্কু সাহা বলেন, ‘ডায়রিয়া হওয়ার পর প্রথমে ঘরে ওষুধ খাইয়েছি। তাতে না কমায় এখানে নিয়ে আসি। ডাক্তারেরা বলেছেন, গরমে কোনো খাবারে বিষক্রিয়ায় এ অবস্থা হয়েছে।’
চিকিৎসকেরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি, পচা-বাসি খাবার ও দূষিত পানি পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। আর বাচ্চারা ঘামলে তা মুছে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চট্টগ্রামে প্রচুর গরম পড়ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।