গরমের শুরুতেই খুলনা নগরে পানি-সংকট
গরমের শুরুতেই খুলনা নগরে পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক নলকূপে পানি উঠছে না। এতে পানির সংকটে পড়েছে নগরবাসী। ওয়াসার খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, নগরে প্রায় ১৫ লাখ মানুষের জন্য প্রতিদিন পানির চাহিদা ২৪ কোটি লিটার। শুষ্ক মৌসুমে চাহিদা আরও বাড়ে। চাহিদার বিপরীতে ওয়াসা পানি সরবরাহ করে চার কোটি ৮০ লাখ লিটার। ওয়াসা ১৫ হাজার গ্রাহককে পাইপলাইনে পানি সরবরাহ করে। এ ছাড়া নগরের বিভিন্ন বাড়িতে এবং রাস্তার পাশে প্রায় সাড়ে আট হাজার নলকূপ রয়েছে। ওয়াসা বিদ্যুৎচালিত ৮০টি পাম্পের মাধ্যমে পানি তুলে গ্রাহকদের পাইপ লাইনে সরবরাহ করে। এতে নগরবাসীর চাহিদার এক-তৃতীয়াংশ পূরণ হচ্ছে। বাকি চাহিদা পূরণ হচ্ছে নলকূপের পানিতে। সম্প্রতি সরেজমিনে নগরের শেখ পাড়া বাজার, মেইন রোড, বাগানবাড়ি, পুরাতন মসজিদ সড়ক, গোবর চাকা, মুজগুন্নী, পালপাড়া, মধ্যপাড়া, গল্লামারী, জিলা স্কুল এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রীষ্মের শুরু থেকেই নগরের বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নগরের শেখপাড়া পুরাতন মসজিদ এলাকার বাসিন্দা লোকমান হোসেন বলেন, প্রায়ই ওয়াসার পাম্প নষ্ট থাকে। মাঝে মাঝে টানা ১৪-১৫ দিন পানি আসে না। তখন অন্যের বাড়ি থেকে পানি আনতে হয়। মুজগুন্নী পালপাড়া এলাকার ইলিয়াস শেখ বলেন, পানির কষ্টে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একদিকে ওয়াসার পাম্প প্রায়ই খারাপ থাকে, অন্য দিকে নলকূপে পানি ওঠে না। সূত্র জানায়, ওয়াসার পাম্পগুলো দীর্ঘদিনের পুরোনো। প্রায়ই অনেক পাম্প নষ্ট হয়ে যায়। কিন্তু খুলনায় মেরামতের তেমন ব্যবস্থা না থাকায় এগুলো মেরামত করিয়ে আনতে এক থেকে দেড় সপ্তাহ সময় লাগে। তখন কোনো কোনো এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকে। ওয়াসা খুলনার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, গ্রীষ্মে নগরে ভূগর্ভস্ত পানির স্তর নেমে যাওয়ায় অনেক নলকূপে পানি উঠছে না। ওয়াসা খুলনার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ বলেন, গরমের সময় লোডশোডিং এবং ভোল্টেজের ওঠানামার কারণে পাম্পগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের পুরোনো পাম্পগুলো এখন আর মেরামতের উপযোগী নেই। ওয়াসার কিছু পাম্প খুলনায় মেরামত করার ব্যবস্থা নেই। এ কারণে গরমে একটু সমস্যা হচ্ছে। নতুন পাম্প স্থাপনের জন্য প্রায় ৪০টি পাম্প কেনা হচ্ছে। এগুলো স্থাপন করলে আর কোনো সমস্যা থাকবে না।