গরিব অ্যান্ড গরিব-এর মালিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
আইন অমান্য করা এবং ২১ শ্রমিককে অবহেলাজনিত হত্যার দায়ে অবিলম্বে গাজীপুরের গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানার মালিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়া, আহত শ্রমিকদের চিকিত্সার যথাযথ ব্যবস্থা করা এবং কারখানায় কাজের পরিবেশসহ মৌলিক অধিকার নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।ইতিমধ্যে বিজিএমইএর পক্ষ থেকে নিহত শ্রমিকদের পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবি মানা না হলে ৩০ মার্চ শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে মিছিল ও স্মারকলিপি পেশ এবং এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।বক্তারা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি গাজীপুরে গরিব অ্যান্ড গরিবে অগ্নিকাণ্ড এবং ২১ শ্রমিকের নিহত হওয়ার ঘটনাকে কোনোভাবেই দুর্ঘটনা বলা যাবে না, এটাকে মালিকপক্ষের অবহেলায় হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করতে হবে।বক্তারা বলেন, নিহত শ্রমিককে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে হত্যাকাণ্ডকে জায়েজ করার সুযোগ নেই, নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এর দায় মালিক, বিজিএমইএ ও সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে বহন করতে হবে। বিজ্ঞপ্তি।