গরিব ও বঞ্চিতদের মামলা নিষ্পত্তি করতে হবে: প্রধান বিচারপতি

গরিব ও বঞ্চিতদের এবং পুরাতন মামলাগুলো নিষ্পত্তির জন্য আইনজীবীদের সহযোগিতা চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী পরিষদ-২০১৫-এর উদ্যোগে আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনজীবীদের সহযোগিতা ছাড়া সমাজ থেকে কোনো দিনই অন্যায় দূর করা যাবে না উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সম্মানিত আইনজীবীদের কিছু দায়িত্ব আছে। বার কাউন্সিলের যে বিধানগুলো আছে সেগুলো মানা হচ্ছে না।
দেশের কয়েকটি নিম্ন আদালতের উদাহরণ তুলে ধরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সুনামগঞ্জে একজন নারী বিচারক কিছু পুরাতন মামলা নিষ্পত্তি করার জন্য বলেছেন, অমনি আইনজীবীরা তাঁর আদালত বর্জন করছেন। আরেক আদালতে একজন বিচারক আইনজীবীকে বললেন, তাঁর নির্ধারিত পোশাক ঠিক হয়নি। আরেক জায়গায় বিচারক বললেন, মামলায় মুলতবি দেবেন না। অমনি আদালত বর্জন শুরু হলো।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, বিচার বিভাগকে সমুন্নত রাখতে হবে। বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে তাহলে সমাজে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।