গরিব বাদ, ভিজিডির তালিকায় ধনী ও শিক্ষার্থীদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ভিজিডি তালিকায় অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে। তালিকায় আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি ও শিক্ষার্থীদেরও রাখা হয়েছে। তালিকায় নাম ওঠাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা উৎকোচ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে দুই বছর মেয়াদি ভিজিডি কর্মসূচির আওতায় উপজেলার তিন ইউনিয়নে মোট তিন হাজার ২৯২ জন দুস্থ নারীর নামের তালিকা দেওয়া হয়। এতে রাজীবপুর সদর ইউনিয়নে এক হাজার ২৬৭ জন, মোহনগঞ্জে এক হাজার ১৭৫ জন ও কোদালকাটি ইউনিয়নে ৮৫০ জন দুস্থ নারীর নাম রয়েছে। ভিজিডি কর্মসূচির নীতিমালা অনুযায়ী, পাকা ঘর ও আবাদি জমি রয়েছে—এমন কাউকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার নিয়ম নেই। এই কর্মসূচির আওতায় ভিজিডি কার্ডধারী দুস্থ একজন নারী প্রতি মাসে ৩০ কেজি গম বা চাল পাবেন।

সরেজমিনে কোদালকাটি ইউনিয়নের চরসাজাই মণ্ডলপাড়া গ্রামে গেলে দুস্থ নারী অবিরন বেওয়া (৫২) বলেন, ‘আমি গরিব মানুষ। ছাগল বেইচ্যা মেম্বরকে এক হাজার ট্যাকা দেই। আরেকজন বেশি টাকা দেওয়ায় হের নাম মেম্বর জমা দিছে।’

গ্রামের বাসিন্দা আবুল কালাম আর্থিকভাবে সচ্ছল। কিন্তু তাঁর মেয়ে কুলছুম খাতুনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কুলছুম কোদালকাটি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। একই বিদ্যালয়ের শিক্ষার্থী সেলিনা খাতুনের নামও রয়েছে ভিজিডির তালিকায়। তাদের বাড়ির পাশেই থাকেন হাসিনা বেগম। স্বামী সাগর আলী দিনমজুর। সংসারে পাঁচ ছেলেমেয়ে নিয়ে অভাবের সঙ্গে লড়াই করছেন তিনি। অথচ তাঁর নাম তালিকায় রাখা হয়নি।

চরসাজাই মণ্ডলপাড়া গ্রামের চান মিয়া অভিযোগ করেন, মেম্বর-চেয়ারম্যানদের দালালেরা একটি নামের জন্য তিন-চারজনের কাছ থেকে টাকা নেন। পরে সুযোগ বুঝে যাঁর টাকার অঙ্ক বেশি, তাঁকে রেখে অন্যদের বাদ দেন। তিনি জানান, প্রতিবেশী ফরিজল হক ১০ বছর ধরে সৌদিতে আছেন। বাড়িতে সব টিনের চারচালা ঘর; সৌরবিদ্যুৎও আছে। তাঁর স্ত্রী ময়না বেগমের নাম রাখা হয়েছে ভিজিডির তালিকায়।

ইউনিয়নের সাজাই মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা বাবুল হোসেন। বাড়িতে সৌরবিদ্যুৎ আছে, আছে চারচালার ঘর। আবাদি জমি আছে ১০ বিঘা। গ্রামের সবাই জানে বাবুল একজন সচ্ছল মানুষ। তবু তাঁর স্ত্রীর নাম ভিজিডির তালিকাভুক্ত হয়েছে। রাজীবপুর উপজেলার প্রায় সব ইউনিয়নেই ভিজিডি কার্ডের তালিকায় এমন অনিয়ম-দুর্নীতির চিত্র দেখা গেছে।

অভিযোগ প্রসঙ্গে কোদালকাটি ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ‘আমার পরিষদের মেম্বররা ও আমি যে তালিকা দিয়েছি, তাতে কোনো অনিয়ম নেই। যে তালিকায় ধনীদের নাম আছে, সেগুলো দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। এখানে আমার করার কী আছে?’

কোদালকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, চেয়ারম্যান-মেম্বাররা প্রত্যেকের কাছ থেকে তিন-চার হাজার টাকার বিনিময়ে নাম দিয়েছেন। চেয়ারম্যান এর আগেও ভিজিডির মালামাল বিক্রি করে ধরা পড়েছেন। এ ব্যাপারে মামলাও হয়েছে।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. লতিফ খান জানান, অভিযোগ পাওয়া নামগুলো সংশোধন করা হবে।