জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল শনিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ট্রমা সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে হতাশ ও অসন্তুষ্ট চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘এখানে গরিব মানুষের জন্য সেবার দুয়ার খোলা নেই।’গতকাল সকালে মিজানুর রহমান আকস্মিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সংলগ্ন ট্রমা সেন্টার পরিদর্শনে যান।প্রত্যক্ষদর্শীরা বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ কর্তৃক পরিচালিত ট্রমা সেন্টারে চিকিৎসার অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন ও অবিলম্বে পরিস্থিতি উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।মিজানুর রহমান হাসপাতালের এক্স-রে মেশিন চালু থাকার পরও দরিদ্র রোগীদের বেসরকারি ক্লিনিকে এক্স-রে করানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশকে গুরুতর অনিয়ম হিসেবে আখ্যা দেন এবং এ জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের তিরস্কার করেন।ট্রমা সেন্টার পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, এখানে একটি দালাল ও প্রতারক চক্র ভেতরে ও বাইরে কাজ করছে। সাধারণ মানুষের কাছে তথ্য না থাকার কারণে তারা সেবার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দালাল চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দেন।মিজানুর রহমান গত শুক্রবার দুই দিনের সফরে ফরিদপুরে আসেন। তিনি শুক্রবার রাতে ফরিদপুর সদরের গোবিন্দপুর গ্রামের জসীম উদ্যানে আয়োজিত জসীম পল্লিমেলা পরিদর্শন করেন। গতকাল তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ সাতটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।