গরিব মানুষের ঝুঁকি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চর্মরোগীদের ৮০ ভাগই নিম্ন আয়ের মানুষ। শহরের তুলনায় গ্রামের মানুষ ও বস্তিবাসীদের মধ্যে এই রোগ সংক্রমণের ঝুঁকি বেশি। এ জন্য স্বাস্থ্যসচেতনতার অভাবকেই দায়ী করেছেন চিকিৎসকেরা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ৫৩ শতাংশ রোগীর চর্মরোগই সংক্রামক।
বিশেষজ্ঞরা বলছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকে কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামপর্যায়ে চর্মরোগের সেবা নিশ্চিত করা যায়।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সেবা নিতে আসা ৪১ হাজার ৯৯৭ জন চর্মরোগীর (৫১ শতাংশ পুরুষ) ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৫৩ দশমিক ৮৮ জন রোগীর চর্মরোগ সংক্রামক। এর মধ্যে প্রায় অর্ধেক ছোঁয়াচে। সংক্রামক চর্মরোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খোসপাঁচড়া বা স্ক্যাবিসে আক্রান্ত ছিল ১১ হাজার ৯১ জন। এ ছাড়া ছত্রাকজনিত সংক্রমণের শিকার হন ৭ হাজার ৬৩৮ জন। ভাইরাসজনিত চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯৬৫। আর ৪৬ দশমিক ১২ শতাংশ রোগীর চর্মরোগ ছিল অসংক্রামক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল মওলার নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়। ইংল্যান্ডভিত্তিক সংস্থা আন্তর্জাতিক ফাউন্ডেশন ফর ডার্মাটোলজির কমিউনিটি ডার্মাটোলজি জার্নাল-এ গত জানুয়ারি মাসে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গবেষণায় সহযোগিতা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক মনসুরুল আলম, শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ, চিকিৎসক রোকসানা হক, জাহিদুল ইসলাম চৌধুরী ও শামীম আরা এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. হাবিবুর রহমান।
সহকারী অধ্যাপক রফিকুল মওলা বলেন, স্বাস্থ্যসচেতনতার অভাব, অপরিচ্ছন্নতা, দূষণসহ নানা কারণে চর্মরোগ হয়। এর মধ্যে সংক্রামক রোগগুলো খুবই মারাত্মক। শহরের মানুষ চর্মরোগের চিকিৎসা করালেও গ্রামের মানুষ গুরুত্ব দেয় না। এ ছাড়া গ্রামে চর্মরোগের চিকিৎসাসেবার ব্যবস্থা অপর্যাপ্ত।
দক্ষিণ-পূর্ব এশিয়া ডার্মাটোলজি সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি ও বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংক্রামক চর্মরোগ কম। কিন্তু এ দেশে এসব রোগের হার বেশি। তিনি বলেন, বস্তিবাসী কিংবা গ্রামের দরিদ্র জনগোষ্ঠী সংক্রামক চর্মরোগে বেশি আক্রান্ত হয়। তিনি বলেন, গ্রামপর্যায়ে কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হলে তাঁরা সাধারণ চর্মরোগের সেবা দিতে পারবেন। এতে শহরের হাসপাতালের ওপর চাপ কমবে।
গবেষণা প্রতিবেদনে সুপারিশ করা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকে কর্মরত চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামপর্যায়ে চর্মরোগের সেবা নিশ্চিত করা যায়। এতে বলা হয়, গবেষণাটি শুধু হাসপাতালকেন্দ্রিক রোগীদের নিয়ে। এটি একটি সীমাবদ্ধতা। এই গবেষণাকে ভিত্তি ধরে ভবিষ্যতে আরও বড় আকারে গবেষণা করা যায়।
সংক্রমিত চর্মরোগ জীবাণুঘটিত কারণে হয় বলে জানান রফিকুল মওলা। তিনি বলেন, মানুষ অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকলে নানা কারণে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের মতো জীবাণু দ্বারা সংক্রমিত চর্মরোগ হয়ে থাকে। বিশেষ করে ছাত্রাবাস কিংবা গাদাগাদি করে অপরিচ্ছন্ন জায়গায় দীর্ঘদিন বাস করলে সেখানে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। ব্যক্তিগত পরিচ্ছন্নতা না মানার কারণেও এই রোগ হয়।
রফিকুল মওলা আরও বলেন, চর্মরোগ ওষুধে সেরে যায়। তবে দীর্ঘদিন চিকিৎসা না করালে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারও কারও ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকিও তৈরি হয়।