গরিব মানুষের সামনেই দুম্বার মাংস লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলায় অসহায়, এতিম এবং গ​িরবদের জন্য বরাদ্দ দুম্বার মাংস লুট করে নেওয়া হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে কয়েক শ দরিদ্র মানুষের সামনে এ ঘটনা ঘটে৷

ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় উপজেলা এাণ ও দুর্যোগ কর্মকর্তা ফিরোজ আহমেদ বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন৷

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দুম্বার মাংসের ট্রাক পৌঁছালে ক্ষমতাসীন দলের লোকজন জোর করে ট্রাকের ওপর উঠে মাংস লুট করে নিয়ে যান। মাংস নিতে আসা দরিদ্র ব্যক্তিদের একজন বলেন, ‘পরের খেতে আমরা জোন (শ্রম) বেঁচে খাই৷ আমাগের চেয়েও ওরা বড় অসহায়৷’

উপজেলা বিএনপির সভাপতি টি এস আইয়ুব অভিযোগ করেন, উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রউফ ও যুবলীগের কর্মী কামরুজ্জমান বাচ্চুর নেতৃত্বে ক্ষমতাসীন দলের লোকজন ওই মাংস লুট করে নিয়েছে। আবদুর রউফ পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি ও জামায়াতের লোকজন ওই মাংস নিয়েছে৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলাম বলেন, ‘ওই ট্রাকে ৭৮টি দুম্বা ছিল৷ আমাদের হাতে একটিও পৌঁছায়নি৷ এ বিষয়ে বাঘারপাড়া থানায় একটি জিডি করা হয়েছে৷’ বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, জেলার আট উপজেলার কোথাও বাঘারপাড়ার মতো ঘটনা ঘটেনি। এ বিষয়ে একটি মামলা করার জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।