নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন
গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি জিল্লুর রহমান গরিব মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দিতে বৃত্তির সংখ্যা বাড়ানোর জন্য দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি নির্দেশ নিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত ১৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘কেবল ধনাঢ্য পরিবারের ছেলেমেয়েরাই নয়, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং গরিব পরিবারের ছেলেমেয়েদেরও অবশ্যই উন্নত মানের উচ্চশিক্ষা লাভের সুযোগ থাকতে হবে।’শুধু মুনাফা না করে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়ে জিল্লুর রহমান বলেন, ‘জাতির সামনে আমাদের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধকে যথাযথভাবে উপস্থাপন করা বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব।’রাষ্ট্রপতি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজ গঠন ও দেশের উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো আধুনিক ও সময়োপযোগী শিক্ষার সম্প্রসারণে মুখ্য ভূমিকা পালন করতে পারে।’নতুন স্নাতকদের স্বাগত জানিয়ে জিল্লুর রহমান বলেন, ‘পেশাগত জীবনে আপনারা দেশে-বিদেশে যেখানেই থাকুন না কেন, দেশের কঠোর পরিশ্রমী মানুষের কথা কখনো ভুলবেন না।’ সমাবর্তনে বিভিন্ন বিভাগের এক হাজার ৭৪ জন শিক্ষার্থীকে প্রাক-স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। অসামান্য কৃতিত্বের জন্য ছয়জন শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেন।স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা হলেন, মাসাদা কামাল, তাসনিম তৈয়ব, সমির আনোয়ার, নাফিস রহমান, এম ইসলাম উদ্দিন আহমেদ ও তানভীর আহমেদ চৌধুরী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও ব্যাংকক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মাথানা সান্তিবাত সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, এনএসইউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাজাহান ও এবারের স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থী মাদাসা কামাল অনুষ্ঠানে বক্তব্য দেন।