গরিব ময়নার আর কিছুই রইল না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে বসে মুখ ঢেকে চিৎকার করে কাঁদছিলেন এক নারী। হাসপাতালে কান্নার দৃশ্য অস্বাভাবিক নয়, তবুও ওই নারীর চারপাশে লোক জমে যায়। কাঁদতে কাঁদতেই ওই নারী জানান, তাঁর অসুস্থ স্বামীর কাছ থেকে সর্বস্ব নিয়ে গেছে এক প্রতারক। সর্বস্ব মানে ‘একশ কম তিন হাজার টেহা’। দৃশ্যটি গতকাল মঙ্গলবার বিকেলের। জানা গেল, ওই নারীর নাম ময়না বেগম। তাঁর স্বামী ভ্যানচালক দুদু ফকির (৪৫)। বাড়ি বগুড়ার শেরপুরের শালতায়। কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন দুদু। তিন মাস আগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বালুর ট্রাকের ধাক্কায় দুদুর শরীরের বিভিন্ন অংশ ছিলে মাংস উঠে গেছে। এ জন্য প্লাস্টিক সার্জারির জন্য ২০ দিন আগে তাঁকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বার্ন ইউনিটের দোতলার ২৭ নম্বর বিছানায় শোয়া দুদু মিয়া বলেন, অভাবের সংসারে চিকিৎসার খরচ জোগাড়ের জন্য ধার-দেনা, সহায়তার জন্য দরখাস্ত—কোনো কিছুই বাদ দেননি তিনি। সর্বশেষ তিন দিন আগে তাঁর জামাতা চার হাজার টাকা পাঠান। এর মধ্যে গত সোমবার অস্ত্রোপচার বাবদ এক হাজার টাকা খরচ হয়েছে। আর এক দিনের খাবার খরচ ১০০ টাকা। বাকি ছিল দুই হাজার ৯০০ টাকা।দুদু মিয়া বলেন, গতকাল বিকেলে এক তরুণ তাঁর কাছে এসে নাম-পরিচয় জানতে চান। ওই তরুণ নিজেকে হাসপাতালের স্টাফ বলে পরিচয় দেন। তাঁর বাড়ি বগুড়ায় শুনে তরুণটি বলেন, ‘আমার বাড়িও তো ওখানে।’ তখন দুদুর রিপোর্টগুলো দেখে তরুণটি বলেন, আট হাজার টাকা হলেই তাঁর অপারেশনসহ সব সমস্যার সমাধান হবে। দুদু মিয়া জানান, তাঁর কাছে আট হাজার টাকা নেই। বালিশের নিচ থেকে সব টাকা বের করে তরুণটির হাতে দেন দুদু, সঙ্গে মুঠোফোনটিও। ময়না বলেন, তরুণটি তাঁকে (ময়নাকে) সঙ্গে নিয়ে জরুরি বিভাগে আসেন। তাঁকে বাইরে দাঁড় করিয়ে রেখে ‘চিকিৎসকের সঙ্গে কথা বলতে’ যান। এরপর ঘণ্টা পার হলেও আর আসেননি তরুণটি। ময়নার কান্না শুনে কেউ বিরক্ত হন, কেউ হাতে গুঁজে দেন সামান্য কিছু টাকা। তবুও কাঁদতে কাঁদতে মাটিতে মিশে যান ময়না।