গরিবদের দুম্বার মাংসে ভাগ বসাল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুস্থদের জন্য বরাদ্দ করা কোরবানির পশুর মাংস আওয়ামী লীগের নেতারা ভাগ-বাঁটোয়ারা করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সৌদি সরকারের কাছ থেকে পাওয়া ১৮০টি দুম্বার মাংস পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে বাউফলে বরাদ্দ দেয়। গতকাল উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ১০টি করে এবং বাউফল পৌর এলাকার লিল্লাহ বোডিং, এতিমখানা, দরিদ্র ও দুস্থদের মধ্যে নয়টি দুম্বার মাংস বিতরণ করে দেওয়া হয়। বাকিগুলো উপজেলা পরিষদ এলাকার হাসপাতাল, এতিমখানা, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণ করার কথা। গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, দুস্থদের না দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন-অর-রশিদ, যুবলীগের সদস্য মো. ফিরোজসহ ১০-১২ জন নেতা দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে দুম্বার মাংস বিতরণ করছেন। হারুন-অর-রশিদ নিজেও একটি দুম্বা নিয়েছেন। তবে তিনি (হারুন-অর-রশিদ) এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানান।দুম্বার মাংস নিতে আসা দাশপাড়া এলাকার হতদরিদ্র তাজেল মৃধা অভিযোগ করে বলেন, ‘গরিবগো না দিইয়া হগল (সব) দুম্বা নেতারা ভাগ কইরগ্যা নিয়া গেছে।’ একই অভিযোগ রিকশাচালক মো. মানিক ও কাশেম সরদারের।নাজিরপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফকরুল ইসলাম আকন ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল তালুকদার জানান, দুম্বার বিষয়ে তাঁরা কিছুই জানেন না। চেয়ারম্যান তাঁর আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করেছেন। ওই ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফারুক ইউপি সদস্যদের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়ায় দুম্বাগুলো সঠিকভাবে বণ্টন করা হয়েছে। ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যানদের সঠিকভাবে বণ্টন করার জন্য বলা হয়েছে। সব এলাকায় গিয়ে তো আমার পক্ষে বণ্টন করা সম্ভব না।’