গরিবের এক টুকরো জমি পানির দরে অধিগ্রহণ!
নাটোরের ভূমি হুকুম দখল কার্যালয় এক উপজেলার জমি অধিগ্রহণের চিঠি দিয়ে অন্য উপজেলার এক কৃষকের একমাত্র আবাদি জমি দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির দরও অনেক কম ধরা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একমাত্র সম্বল হারিয়ে ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি রানীবাড়ি মৌজার মৃত ইব্রাহিম সরদারের ছেলে মিজানুর রহমান জানান, তিনি একজন ক্ষুদ্র চাষি। গড়মাটি মৌজার ৫২৫২ দাগে ৩৩ শতক ধানি জমি তাঁর পরিবারের একমাত্র সম্বল। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সাবস্টেশন নির্মাণ করতে জমি অধিগ্রহণের জন্য সরকারের কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে নাটোরের ভূমি হুকুম দখল কার্যালয় ১৬ জুন এক চিঠির মাধ্যমে জমিটি অধিগ্রহণের বিষয় ওই কৃষককে জানায়। জমির মূল্য বাবদ তাঁকে সাত লাখ ৭৫ হাজার ১৫১ টাকা পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। কিন্তু ওই চিঠিতে জমির তফসিল বর্ণনায় বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া মৌজার ৫২৫২ দাগের কথা উল্লেখ করা হয়। চিঠিতে প্রতি শতক জমির মূল্য ধরা হয়েছে ২৩ হাজার ৪৮৯ টাকা।
গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, জমিটির মূল্য অস্বাভাবিক কম ধরা হয়েছে। বর্তমানে ওই এলাকার প্রতি শতক জমির মূল্য গড়ে এক লাখ টাকা। এ ছাড়া জমিটি মিজানুর রহমানের একমাত্র ধানি জমি। এটা হারিয়ে তিনি অসহায় হয়ে পড়েছেন।
এদিকে ২২ জুলাই তৎকালীন জেলা হুকুম দখল কর্মকর্তা সানিউল ফেরদৌস জমির ওপর গিয়ে পল্লী বিদ্যুতের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দখল নিয়েছেন। জমিটি বর্তমানে পতিত অবস্থায় রয়েছে। চাষাবাদের একমাত্র জমি হারিয়ে কৃষক মিজানুর দিশেহারা হয়ে পড়েছেন।
মিজানুর বলেন, ‘আমার জমির আশপাশে বড় লোকদের অনেক জমি রয়েছে। সরকার তাদের জমি লিচ্ছে না। আমার জমি লিচ্ছে পানির দরে।’
হুকুম দখল কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে সরকার জনস্বার্থে যেকোনো জমি অধিগ্রহণ করতে পারে। একই কারণে সরকার এই জমি অধিগ্রহণ করেছে। অন্য উপজেলার জমির বর্ণনা দিয়ে নোটিশ দেওয়ার বিষয়টি করণিকের ভুল বলে উল্লেখ করেন তিনি। আর মূল্য নির্ধারণের বিষয়টিও যাচাই-বাছাই করা হয়েছিল বলে জানান তিনি।