গরিবের ওপর থেকে করের বোঝা লাঘবের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবিত্ত ও গরিব মানুষের ওপর থেকে করের বোঝা লাঘবের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন। প্যানেল স্পিকার মুজিবুল হকের সভাপতিত্বে গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।রাশেদ খান মেনন বলেন, ‘করের আওতা বাড়ান। তবে বড়লোকদের কাছ থেকে কর নিন। মধ্যবিত্ত ও গরিব মানুষকে বাঁচতে দিন।’ তিনি প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, বর্ধিত কর ও মূল্য সংযোজন করের (ভ্যাট) জন্য দ্রব্যমূল্য বাড়তে পারে।ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পাটির এই নেতা নির্বাচনী ওয়াদা অনুযায়ী টিসিবি পুনর্গঠন ও রেশনব্যবস্থা চালু না করা, ভাড়া করে বিদ্যুৎ আনার উদ্যোগ, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কথা বলা, ভূমি সংস্কারের বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়াসহ বিভিন্ন বিষয়ে সরকারের কড়া সমালোচনা করেন।গ্যাস-সংকট বিষয়ে রাশেদ খান মেনন বলেন, গ্যাস উত্তোলন কীভাবে হবে, তা বাজেটে ঠিকভাবে বলা হয়নি। এখনো গ্যাস নিয়ে বহুজাতিক কোম্পানিগুলোর খেলা চলছে। তিনি বলেন, যেখানে কয়লানীতিই হয়নি, সেখানে ফুলবাড়িয়া ও বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কীভাবে ডিসেম্বর থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে? সাংসদ মেনন বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। মালিকপক্ষ গোঁয়ার্তুমি করে বসে আছে। তিনি সঞ্চয়পত্রের ওপর করারোপের সমালোচনা এবং যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন। জাতীয় পার্টির মুজিবুল হক হরতালের বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে তিনি নিজেই সংসদে একটি বিল আনবেন। জনস্বার্থ সংরক্ষণ বিল নামের প্রস্তাবিত এ বিলটি শিগগিরই তিনি সাংসদদের কাছে পাঠাবেন।আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের রেজা আলী, মেরাজউদ্দিন মোল্লা, আনিসুল ইসলাম মণ্ডল উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে বক্তব্য দেন। তাঁরা বলেন, অতি দ্রুত মাটির নিচের এই কয়লা তুলে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে হবে।একই দলের এ কে এম রহমতউল্লাহ বলেন, ঢাকা মহানগরে যানজট ও পানিসংকট রয়েছে। এ সমস্যা সমাধানে প্রস্তাবিত বাজেটে থাকা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে।বাজেট আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের এম এ মান্নান, আবদুল মান্নান, শামসুর রহমান শরীফ, সানজিদা খানম, নুরুন্নবী চৌধুরী, অধ্যক্ষ মতিউর রহমান, এ বি এম আবুল কাশেম, নুরুল ইসলাম, সুকুমার রঞ্জন ঘোষ, ফরিদা রহমান প্রমুখ।