গরিবের কর্মসূচিতে দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির একটি প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। শ্রমিক হিসেবে ব্যবসায়ী, অটোরিকশাচালক ও সচ্ছল ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মজুরি বাবদ ৭২ হাজার টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য তোছাদ্দেক হোসেনের বিরুদ্ধে ওই ইউপির সদস্য রাশিদা খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ১৭ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির অধীন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর চান্দেরডাঙ্গা ঈদগাহ মাঠ ও গাড়ি যাওয়া মাল্লীতে মাটি ভরাট প্রকল্পের কাজ গত বছরের ৯ নভেম্বর শুরু হয়। এই প্রকল্পে ৫৬ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তোছাদ্দেককে প্রকল্পের সভাপতি করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই প্রকল্পের তালিকায় তোছাদ্দেক ডাঙ্গাপাড়া গ্রামের আনোয়ার হোসেন, লুৎফর রহমানের স্ত্রী আমিনা বেগম ও ওবায়দুল হক; মধ্যপাড়া গ্রামের ময়নুল হোসেন; মোল্লাপাড়ার মাহাবুর রহমান, শাকিরুল ইসলাম, বাবলু মিয়া, আহসান আলী ও শফিকুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করেন এবং মজুরির টাকা তোলার জন্য প্রত্যেকের নামে বদরগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় হিসাব খোলেন। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি ২০০ টাকা। ওই নয়জনের নাম শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও তাঁরা কাজ করেননি। চারজন ব্যক্তি জানতেন না যে তালিকায় তাঁদের নাম আছে। অথচ ৪০ দিন কাজ করা হয়েছে মর্মে তাঁদের মজুরির ৭২ হাজার টাকা তুলে আত্মসাৎ করেছেন তোছাদ্দেক হোসেন।
অভিযোগের সূত্রে সরেজমিনে জানা গেছে, তালিকায় অন্তর্ভুক্ত আনোয়ার হোসেন একজন ধান ব্যবসায়ী এবং ময়নুল হক, মাহাবুর রহমান ও শাকিরুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশার চালক।
ময়নুল হক, মাহাবুর রহমান ও শাকিরুল ও আনোয়ার হোসেন জানান, প্রকল্পের তালিকায় তাঁদের নাম থাকার বিষয়টি তাঁরা জানতেন না। তদন্ত হওয়ার পর জেনেছেন। আমিনা বেগম, ওবায়দুল হক ও বাবলু মিয়া জানান, তালিকায় নাম থাকলেও তাঁরা কাজ করেননি। তবে ওই ইউপি সদস্য তাঁদের টাকা দিয়েছেন।
ইউপি সদস্য তোছাদ্দেক হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি কারও নামে টাকা তুলে আত্মসাৎ করিনি। যাঁরা কাজ করেছেন, তাঁদের হাতেই টাকা দিয়েছেন অগ্রণী ব্যাংকের কর্মচারীরা।’
বিষ্ণপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেরাব হোসেন বলেন, ব্যাংকে আলাদা হিসাব থাকলেও ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসে ব্যাংক কর্মচারীরা শ্রমিকদের হাতে সরাসরি টাকা তুলে দেন।
ইউএনও খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে পিআইওকে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি কেন ব্যবস্থা নেননি, তা খতিয়ে দেখা হবে।
পিআইও মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কর্মসংস্থান প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অগ্রণী ব্যাংক বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম জানান, ব্যাংকের লোকজন ইউপি কার্যালয়ে গিয়ে যাচাই-বাছাই করে কর্মসংস্থান কর্মসূচির হিসাব নম্বরধারীদের হাতেই টাকা দিয়েছেন।