গরিবের ঘর পেলেন ধনীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন সচ্ছল পরিবারের লোকজন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে এ ঘটনাই ঘটেছে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘুষ নিয়ে ঘরগুলো বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত ৭ জুলাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বঞ্চিত পরিবারের লোকজন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি আইন অনুযায়ী বসতবাড়ি এবং জমি নেই এমন ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হবে। এলাকায় সে রকম পরিবার না পাওয়া গেলে ১০ শতকের কম জমি আছে এমন পরিবারকে ঘর বরাদ্দ দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ওই ইউনিয়নের লাটশালা গ্রামে দুই একর খাস জমিতে ৪০টি টিনের ঘর নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ৬৩ লাখ টাকা। এর নাম দেওয়া হয় ‘লাটশালা আশ্রয়ণ প্রকল্প’। চলতি বছরের জুনে ঘর বরাদ্দের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। জুলাই মাসে ভূমিহীন পরিবারের সদস্যরা আশ্রয়ণ প্রকল্পের ঘরে উঠতে শুরু করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া ৪০টি পরিবারের মধ্যে ২৯টিই সচ্ছল। তাদের জমি, বসতভিটা ও ঘর আছে। এদের মধ্যে বেশি ধনী লাটশালা গ্রামের জোহরা খাতুন। তিনি ৫১ বিঘা জমির মালিক। এ ছাড়া ঘর পাওয়া মমিন মিয়া নয়, ইমেন আলী তিন, হান্নান মিয়া আট ও আবদুর রাজ্জাক আট বিঘা জমির মালিক। সচ্ছল হওয়ার পরও কীভাবে ঘর বরাদ্দ পেলেন জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঘর পাওয়া এক ব্যক্তি বলেন, ‘ইউপি চেয়ারম্যানের লোকদের ১০ হাজার টাকা দিয়ে ঘরের বরাদ্দ পেয়েছি। তাঁরা বরাদ্দ দেওয়ার সময় সতর্ক করে দিয়ে বলেছিলেন, উৎকোচের কথা প্রকাশ করলে ঘর পাবে না।’
লাটশালা গ্রামের ভূমিহীন রাহেলা বেগম বলেন, ‘হামার ঘর, জমিজমা কিচুই নাই। তিন বছোর আগোত নদিত চলি গ্যাচে। তকেন থাকি মানসের বাড়িত থাকি। ট্যাকা দিব্যার পাই নাই বলি চেরমেন হামারঘরোক ঘর দ্যায় নাই।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের জন্য ১৩ সদস্যের উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি রয়েছে। ওই কমিটির সভাপতি ইউএনও। এ ছাড়া যে ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করা হয়, সে ইউনিয়নের চেয়ারম্যানকে ওই কমিটির সদস্য করা হয়। ওই ইউপি চেয়ারম্যানকেই সুবিধাভোগীদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়।
জাতীয় কৃষক সমিতি তারাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবেদ আলী জানান, ইউএনওর যোগসাজশে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে পাঁচ-দশ হাজার টাকা করে উৎকোচ নিয়ে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েও কোনো কাজ হয়নি।
জেলা প্রশাসক আনোয়ারুল হক বলেন, সুন্দরগঞ্জের ইউএনওকে এ অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তারাপুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ ঘুষ নিয়ে ঘর বরাদ্দ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বরাদ্দ করা হয়েছে। ইউএনও আহসান হাবীব বলেন, নিয়মানুযায়ী ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।