গরিবের চাল কালোবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে খোলাবাজারে বিক্রি বা ওএমএস কার্যক্রমের জন্য বরাদ্দ করা চালের অর্ধেক ক্রেতারা পেলেও অবশিষ্ট চাল কালোবাজারে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ বিষয়টি জানলেও পর্যাপ্ত যানবাহন না থাকায় যথাযথ তদারকি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে।

জেলা খাদ্যনিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, রংপুর নগরের বিভিন্ন স্থানে ৫১ জন ডিলার নিয়োগ করা হয়েছে। প্রত্যেক ডিলার সপ্তাহের শনিবার ছাড়া প্রতিদিনই এক টন (২০ বস্তা) করে চাল তুলে থাকেন। এই চাল সাড়ে ২২ টাকা করে কিনে ২৪ টাকা দরে বিক্রি করে থাকেন তাঁরা। কালোবাজারে পাইকারি ব্যবসায়ীরা এই চাল ২৭ টাকা করে কিনে নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব ডিলারের অনেকেই আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ের নেতা। আবার কেউ নেতার নিকটাত্মীয়। ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে ডিলার হিসেবে আছেন আওয়ামী লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, শিল্প ও বাণিজ্য সম্পাদক জাকির হোসেন, উপদপ্তর সম্পাদক আমিন সরকার ও জেলা দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান।

গত ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত শহরের পাড়া-মহল্লায় দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত চাল বিতরণ চললেও দুপুরের পরই অধিকাংশ ডিলার দোকান বন্ধ করে দেন। প্রতিদিনের তোলা ৫১ মেট্রিক টন চাল এ সময়ের মধ্যে কখনোই পুরোটা বিক্রি করা হয় না বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন।

নগরের ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের বিক্রয়কেন্দ্রে ৩ নভেম্বর গিয়ে দেখা যায়, হাতেগোনা কিছু মানুষ চাল কিনতে এসেছেন। এ সময় রাবেয়া খাতুন নামের এক নারী অভিযোগ করেন, ২০ বস্তা করে চাল বিতরণের কথা থাকলেও এর পুরোটা এখান থেকে কখনোই তিনি পাননি।

নগরের স্টেশন এলাকায় শামীম খানের বিক্রয়কেন্দ্রের সামনে লাল ব্যানারে ওএমএসের চাল বিক্রির ঘোষণা ঝুলতে দেখা গেলেও গত মঙ্গলবার দুপুরে গিয়ে চাল বিক্রি হতে দেখা যায়নি। এখানে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, সকালে কিছু মানুষ চাল কিনেছে। তবে প্রতিদিন এখান থেকে আট থেকে ১০ বস্তার বেশি চাল বিক্রি করা হয় না বলেই তাঁর ধারণা। একই ধরনের অভিযোগ পাওয়া যায় শহরের মাহিগঞ্জ সাতমাথা এলাকার আওয়ামী লীগের জেলা দপ্তর সম্পাদক তৌহিদুর রহমানের বিক্রয়কেন্দ্র সম্পর্কেও। এ ছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, লালবাগ বাজার, গ্র্যান্ড হোটেল মোড়, পর্যটন মোড়সহ বেশ কিছু এলাকায় ওএমএসের চাল বিক্রি করতে দেখা গেলেও বরাদ্দ থেকে অনেক কম দেওয়া হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

তবে ডিলার ও আওয়ামী লীগের নেতা তুষার কান্তি বলেন, মানুষ অভিযোগ করতেই পারে। তবে কম চাল বিক্রির কথাটা মিথ্যা।

এদিকে নগরের রেলওয়ে স্টেশন ও মাহিগঞ্জ এলাকার কয়েকজন পাইকারি ব্যবসায়ী জানান, তাঁরা ওএমএস ডিলারদের কাছ থেকে নিয়মিতভাবেই ২৭ টাকা দরে চাল কিনে থাকেন। পরে মেশিনের সাহায্যে ওই চাল আরও পরিষ্কার করে ৩০ টাকার বেশি কেজি দরে বিক্রি করেন।

জেলা খাদ্যনিয়ন্ত্রক জামালউদ্দিন বলেন, ‘নিয়মানুযায়ী প্রতি ডিলারকে সপ্তাহের ছয় দিনের প্রতিদিনই ২০ বস্তা (এক টন) করে চাল দেওয়া হয়। ডিলাররা বরাদ্দ পাওয়া সব চাল বিতরণ করছেন না বলে আমরাও শুনেছি। তবে পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য পর্যাপ্ত গাড়ি না থাকায় তা যাচাই করা সম্ভব হচ্ছে না।’