গরিবের চাল-গম কালোবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিবদের চাল-গম কালোবাজারে বিক্রির দায়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের এক ডিলারকে জেল-জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এদিকে মৌলভীবাজার সদর পৌরসভার একটি গুদামে ও কুলাউড়া উপজেলার একটি বাজারে অভিযান চালিয়ে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ২১৪ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াইলে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত (ফেয়ার প্রাইস কার্ড) প্রায় সাড়ে নয় টন চাল-গম কালোবাজারে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত আবদুর রহিম নামের ওই ডিলারকে জেল-জরিমানা করেন।তাড়াইল উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল জলিল গতকাল প্রথম আলোকে জানান, গত ৩০ মার্চ ডিলার আবদুর রহিম সরকারি গুদাম থেকে ৫ দশমিক ৬৭০ মেট্রিক টন চাল ও ৮ দশমিক ৫০৫ মেট্রিক টন গম উত্তোলন করেন। পরে তিনি নিজের গুদামে না নিয়ে ওই চাল-গমের বেশির ভাগই কালোবাজারে বিক্রি করে দেন। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল গতকাল বিকেলে উপজেলার ধলা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে আবদুর রহিমের গুদামে অভিযান চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ আলী, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল জলিল ও পুলিশের উপস্থিতিতে ওই ডিলারকে আটক করা হয়। পরে তাঁকে ইউএনও কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত তাঁকে চার লাখ ৩৬ হাজার ৬৭৮ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন। ২৮ এপ্রিলের মধ্যে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আদালত তাঁর ডিলারশিপ বাতিল করেন। ইউএনও মো. ইউসুফ আলী এ রায় ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক গতকাল বলেন, দণ্ডপ্রাপ্ত ডিলার আবদুর রহিমকে আগামীকাল (শনিবার) কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হবে।এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার জিল্লুল হকের ধানচালের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ওএমএসের ৫০ কেজি ওজনের ১৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় গুদামের মালিক জিলু্লল হক, কর্মচারী সিরাজ মিয়া, সাজু মিয়া, মো. আলী ও আবদুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে, একই রাতে কুলাউড়া শহরের দক্ষিণবাজার এলাকার ফাইভ স্টার মার্কেটে অভিযান চালিয়ে ওএমএসের ৭৯ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলার শরীফপুর ইউনিয়নের ডিলার ময়নুল বারীর দোকান ও কুলাউড়া শহরে হাজী ফোরকান আলী অ্যান্ড ব্রাদার্সের দুটি দোকান সিলগালা করা দেওয়া হয়েছে। অভিযানে কুলাউড়ার ইউএনও হাফিজুর রহমান চৌধুরীও অংশ নেন।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, এ ঘটনায় ডিলার ও তাঁর সহযোগী এবং দুই দোকানদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।