গরিবের চাল ধনীর পেটে!

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সরকারের দেওয়া ১০ টাকা কেজি দরের চালের তালিকায় স্থান পেয়েছে চাকরিজীবী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য, ব্যবসায়ী, পাকা বাড়ির মালিক ও এক থেকে ছয় একর সম্পত্তির মালিকেরা। উপজেলা কমিটির অনুমোদিত তালিকা নিয়ে কালুপাড়া, দামোদরপুর ও রাধানগর ইউনিয়নে এই প্রতিবেদক সচ্ছল অথচ কার্ড পেয়েছেন এমন অন্তত ৫০ ব্যক্তির বাড়িতে গিয়ে ওই তথ্য পেয়েছেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে ১৯ হাজার ৯৬০ জনকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। গত অক্টোবর মাস থেকে ৩৯টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে ওই চাল বিক্রি শুরু হয়।
কালুপাড়ার ধোপানীরঘাট গ্রামের হযরত আলীর কার্ড নম্বর ১১২৪। তাঁর পাকা বাড়ি ও চার বিঘা জমি রয়েছে। হযরত বলেন, ‘চেয়ারম্যানকে ভোট দিছি, তাঁয় কার্ড দিছে।’ বৈরামপুর দাখিল মাদ্রাসার পিয়ন শাহিন ও শেফালী বেগমের নামে কার্ড হয়েছে। শাহিনের বাড়িতে দালান। এ ছাড়া তাঁর জমি ও দোকান আছে। শেফালীর ছেলে শফিয়ারের নামেও কার্ড হয়েছে।
মিয়াপাড়া গ্রামের সায়েদুল, দেলদার, আকবর ও আনছার আলীর নামে কার্ড হয়েছে। তাঁরা সচ্ছল। আকবরের বাড়িতে দালান ও পাওয়ার টিলার (জমি চাষের) আছে। তাঁর আছে ১২০ শতক জমি। বৈরামপুর পশ্চিমপাড়া (খোসরপাড়া) গ্রামের রওশন আলী ও তাঁর ছেলে আলম বাবু বৈরামপুর হাটে মুদির ব্যবসা করেন। দুজনেরই কার্ড রয়েছে। ওই গ্রামের হাসেন আলীর অন্তত ছয় একর জমি আছে। তাঁর চার সন্তান ফেরদৌস আলী, মজিবুল হক, মহব্বত আলী ও মমদেল হোসেনের নামে কার্ড হয়েছে।
খুনিয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে দালান। আবাদি জমি আছে। তাঁর নামেও কার্ড হয়েছে। কবিরাজপাড়া গ্রামের নজরুল ইসলাম, আবদুল হান্নান ও হাসিনুর রহমানের নামে কার্ড হয়েছে। নজরুল ও হাসিনুরের দুই বিঘা করে জমি, মোটরসাইকেল ও দালানবাড়ি আছে। হাসিনুর ব্যবসা করেন।
মাস্টারপাড়া গ্রামের হারুন ও আরিফুল দুই বছর ধরে ঢাকায় থাকেন। তাঁদের নামেও চাল উত্তোলন করা হয়েছে। ওই গ্রামের লাবণী বেগমের নামে কার্ড হলেও ওই নামে কেউ নেই। গ্রামের ফজলু, আফতাব, শাহ আলম ও রেজাউলের নামে কার্ড হয়েছে। তাঁরা সচ্ছল। ফজলু ও রেজাউলের বাড়ি পাকা। শাহ আলমের অটোরিকশা আছে।
মণ্ডলপাড়া গ্রামের সাদ্দু মণ্ডল গোপালপুর শিবপুর কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বাড়িতে দালান। তিনিও কার্ড পেয়েছেন।
রাধানগর ইউনিয়নের খামারপাড়া গ্রামের আবদুল গফুর (৬৫) অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তাঁর পার্বতীপুরের খোলাহাটিতে দুটি ও গ্রামে একটি দালান রয়েছে। বাড়ির নাম ‘গফুর ভিলা’। আবাদি জমি রয়েছে সাত একরের বেশি। বাড়িতে মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ সবই আছে। তাঁর কার্ড নম্বর ৮৯৯। তিনিও চাল পাচ্ছেন। তিনি বলেন, ‘আমার নামে জমি নেই। জমি সব ছেলের নামে।’ ওই ইউনিয়নের উত্তর খামারপাড়া গ্রামের বাংলার হাট দাখিল মাদ্রাসার অফিস সহকারী আবুল কাশেমের কলেজে পড়া মেয়ে নিলুফা খাতুনের নামে কার্ড হয়েছে। তাঁদের অন্তত চার বিঘা আবাদি জমি রয়েছে। বাড়িও দালান। কার্ড নম্বর ৯৫২।
দিলালপুর নবীবকশপাড়া গ্রামের যুবক মাহেবুল ইসলামের দালানের বাড়ি ও মাদারগঞ্জ বাজারে দুটি মুদিখানার দোকান রয়েছে। আছে জমিসহ পাওয়ার টিলার। তাঁর কার্ড নম্বর ৪৫৪।
দিলালপুর মাদারগঞ্জ গ্রামের দিনমজুর আনোয়ার হোসেন (৪০) অভিযোগ করে বলেন, ‘মুই মেম্বার-চেয়ারম্যানের বাড়িত ঘুরিয়াও কার্ড পাও নাই। টাকা দিয়া কার্ড পাইছে ধনীরা।’
দামোদরপুর ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের আবু হোসাইনের (২৫) বাড়িতে দালান। জমি আছে তিন একরের বেশি। তাঁর কার্ড নম্বর ১৫৬৭। ওই গ্রামের মমিন ও মামুন দুই ভাই। তাঁদের বাড়ি দালানের। মমিনের তিন বিঘা ও মামুনের এক বিঘা জমি আছে। তাঁরা ব্যবসায়ী। দুজনে কার্ড পেয়েছেন।
আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের আবদুল মাবুদের অন্তত সাত একর আবাদি জমি আছে। বাড়িতে দালান। তাঁর ছেলে মোস্তাফিজারের নামেও কার্ড হয়েছে। ওই গ্রামের নুর ইসলামের অন্তত তিন একর জমি রয়েছে। বাড়িতে দালান। তাঁর নিজের ও তাঁর ছেলে নায়েক আলীর নামেও কার্ড হয়েছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির সদস্যসচিব মো. মকবুল হোসেন বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে অনেক ব্যক্তির কার্ড সংশোধন করে গরিব মানুষকে দিয়েছি। যাঁরা সচ্ছল অথচ কার্ড পেয়েছেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক রাহাত আনোয়ার গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সচ্ছলরা কার্ড পেলে তা অবশ্যই বাতিল করতে হবে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নিতে হবে।’