গরিবের টাকা আত্মসাৎ, তিরস্কার, পরে ফেরত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়নে গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ প্রকল্পের কাজ। এর মধ্যে পাঁচটি ইউনিয়নে দায়িত্ব পাওয়া তদারক কর্মকর্তারা জালিয়াতি করে ব্যাংকে শ্রমিকদের হিসাব থেকে কয়েক লাখ টাকা তুলে আত্মসাতের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাঁরা টাকা ফেরত দিয়েছেন।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়নে কর্মসংস্থান প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় এক কোটি এক লাখ ৪৬ হাজার টাকা। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এই প্রকল্পের কাজের তদারকির দায়িত্বে আছেন। এর মধ্যে উপজেলা পল্লি জীবিকায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান আপ্তাবনগর ইউনিয়নে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আশিক নূর মোহনপুর ইউনিয়নে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এফ এম রফিকুল ইসলাম রঙ্গারচর ইউনিয়নে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ মোল্লাপাড়া ইউনিয়নে, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পিয়ার আহমদ গৌরারং ইউনিয়নে, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কতর্মকর্তা মো. মহন মিঞা সুরমা ইউনিয়নে, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জাহাঙ্গীরনগর ইউনিয়নে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান লক্ষ্মণশ্রী ইউনিয়নের দায়িত্বে আছেন।নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শ্রমিকের নামে ব্যাংকে হিসাব খোলা আছে। মজুরির টাকা সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে জমা হওয়ার কথা। কিন্তু ওই কর্মকর্তারা শ্রমিকদের স্বাক্ষর ও টিপসই নিয়ে গত ২৩ ডিসেম্বর অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখা থেকে ১৮ লাখ টাকা তোলেন। এরপর পাঁচ কর্মকর্তা আশরাফুজ্জামান, আশিক নূর, এ এফ এম রফিকুল ইসলাম, এস এম জিন্নাহ ও পিয়ার আহমদ কিছু টাকা শ্রমিকদের দিয়ে বাকি কয়েক লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে জানা যায়।সূত্রমতে, পরে শ্রমিকদের টাকা কম পাওয়ার বিষয়টি জানাজানি হলে এ ব্যাপারে ইউএনওকে অবহিত করা হয়। পরে ২৫ ডিসেম্বর ইউএনও মো. শহিদুল ইসলাম চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে তিরস্কার করেন এবং শ্রমিকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী কর্মকর্তারা টাকা ফেরত দিয়েছেন।জানা গেছে, মোহনপুর ইউনিয়নে কাজ হচ্ছে আট লাখ ১৩ হাজার টাকার। অভিযোগমতে, এ ইউনিয়নের দায়িত্ব পাওয়া কর্মকর্তা মো. আশিক নূর ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। তবে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার না করে ‘আটকে’ রেখেছিলেন বলে দাবি করেন।আশিক নূর প্রথম আলোকে বলেন, ‘এখন আটকে রেখেছি বা রাখছি যাই বলি, কাজটা আসলে ভুল হয়েছে। ইউএনও স্যার বলায় টাকা ফেরত দিয়েছি।’ আপ্তাবনগর ইউনিয়নে দায়িত্ব পাওয়া আশরাফুজ্জামান বলেন, ‘সবাই মিলেই একটা আলোচনা হয়েছিল। আসলে সিস্টেমের কারণে ভুল হয়ে গেছে। এখন আমি বিব্রত ও লজ্জিত।’রঙ্গারচর ইউনিয়নের দায়িত্বে থাকা এ এফ এম রফিকুল ইসলাম বলেন, ‘ব্যাংক থেকে টাকা তোলাটাই ভুল হয়েছে। কিন্তু আমরা তো শ্রমিকদের স্বার্থে এটা করেছিলাম। তারাই বলেছিল, ব্যাংকে এসে টাকা নিতে পারবে না।’ এ ব্যাপারে ইউএনও শহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানার পরই আমি তাঁদের সতর্ক করে দিয়েছি। যাঁদের কাছে টাকা আছে, তাঁরা শ্রমিকদের দিয়ে দেবেন। এর পর থেকে টাকা বিতরণের সময় আমি নিজে কিংবা আমার প্রতিনিধি উপস্থিত থাকবে।’