গরিবের টাকা ব্যাংকে অলস পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার ছয় মাসের টাকা তুলতে পারছেন না দুস্থ ব্যক্তিরা। এক মাসেরও বেশি সময় ধরে সাংসদের উদ্বোধনের অপেক্ষায় ভাতার ১১ লাখ ৪৩ হাজার টাকা ব্যাংকে অলস পড়ে আছে।উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে ধুনট উপজেলা গঠিত। উপজেলার গোসাইবাড়ী ও ভাণ্ডারবাড়ী ইউনিয়ন বগুড়া-১ সংসদীয় আসন এবং অবশিষ্ট আট ইউনিয়ন ও পৌরসভা বগুড়া-৫ আসনের অন্তর্ভুক্ত। ওই দুই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ধুনট উপজেলা প্রশাসনের কর্মকর্তারাই করেন। ২০০৯-১০ অর্থবছরে উপজেলায় ৬১৭ জনের জন্য বয়স্কভাতা ও ১৪৯ জনের জন্য প্রতিবন্ধী কার্ড সরবরাহ করা হয়। ওই কার্ডের অনুকূলে ১৩ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা জানুয়ারির শেষ সপ্তাহে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গোসাইবাড়ী ও ভাণ্ডারবাড়ী ইউনিয়নের ১০২ জন বয়স্ক ও ২৯ জন প্রতিবন্ধী (জুলাই-ডিসেম্বর ০৯) ছয় মাসের দুই লাখ ৩৫ হাজার ৬০০ টাকা বরাদ্দ পান। ১৩ ফেব্রুয়ারি বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান আনুষ্ঠানিকভাবে ওই দুই ইউনিয়নের কার্ডধারীদের ভাতার টাকা বিতরণ করেন। কিন্তু আজও বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান ভাতার টাকা বিতরণের উদ্বোধন করেননি। ফলে অবশিষ্ট আট ইউনিয়ন ও পৌরসভার ৫১৫ জন বয়স্কভাতা ও ১২০ জন প্রতিবন্ধী ভাতার ১১ লাখ ৪৩ হাজার টাকা তুলতে পারেছেন না। সোনালী ব্যাংক, ধুনট শাখায় ও কৃষি ব্যাংক, মথুরাপুর এবং সোনাহাটা শাখায় ভাতার টাকা পড়ে আছে।বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান বলেন, ‘উপজেলা কর্মকর্তারা বিষয়টি আমাকে জানাননি। তাছাড়া শারীরিক অসুস্থতার জন্য খোঁজ নিতে পারছি না। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত টাকা বিতরণের ব্যবস্থা করব।’