গরিবের টাকা লুটে খাচ্ছেন নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে অতি দরিদ্রদের জন্য সরকারের কর্মসংস্থান কর্মসূচির কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ফুলপুরে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হামলা, মামলা চলছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা প্রতিবাদ মিছিল করেছেন। মির্জাপুরের বিভিন্ন ইউনিয়নে কম শ্রমিক দিয়ে কাজ করিয়ে বেশি শ্রমিকের হিসাব দেওয়া হচ্ছে। বাড়তি টাকা যাচ্ছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের পকেটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ফুলপুর (ময়মনসিংহ): ফুলপুরে প্রকল্পের কাজ শুরু হয় মার্চের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহ থেকে। উপজেলার ২০টি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য সাত কোটি দুই লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ মেলে। প্রত্যেক ইউনিয়নে প্রকল্পপ্রধান হিসেবে একজন করে সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তার নিয়ন্ত্রণে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের রাখা হয়েছে। ১ এপ্রিল বিকেলে কর্মসংস্থান কর্মসূচি কমিটির সচিব ও রূপসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম ওরফে খোকা শ্রমিকদের টাকা তুলতে ফুলপুর সদরে আসেন। এ সময় মাঠে কম শ্রমিক নিয়োগ দিয়ে কেন বেশি শ্রমিকের টাকা তুলতে এলেন—এমন প্রশ্নের জবাবে দলের কয়েকজন কর্মী-সমর্থক খোকাকে কিল, ঘুষি মারেন এবং গায়ের জামা-কাপড় ছিঁড়ে ফেলেন। পরে এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।ওই দিনই কর্মসংস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামভদ্রপুর ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলামের বাসায় হামলার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় মামলা হলে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। গত ২২ মার্চ শ্রমিকদের টাকা ভাগবাঁটোয়ারা নিয়ে ঢাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ফকিরের লোকজনের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সংঘর্ষ হয়।গালাগাঁও ইউপির চেয়ারম্যান ও ওই প্রকল্পের সদস্য আবুল হাসিম অভিযোগ করেন, তাঁর ইউনিয়নে প্রতিদিন ৮০২ জন শ্রমিক কাজ করার কথা। কিন্তু কাজ করছে মাত্র ১০৭ জন। আবার টাকা তোলা হচ্ছে ৮০২ জনেরই। গোটা উপজেলায় এ কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গত শনিবার দুপুরে উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা প্রতিবাদ মিছিল করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া খাতুন বলেন, কয়েক দিন আগে আকস্মিভাবে মাঠ পরিদর্শনে বের হয়ে কাকনী, বালিয়াসহ কয়েকটি ইউনিয়নে গিয়ে মাঠে কোনো শ্রমিক পাওয়া যায়নি। পরে ওই ইউনিয়নগুলোয় ওই দিনের শ্রমিকদের মজুরির টাকা স্থগিত রাখা হয়।মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরের একটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ২৪-২৫ জন করে শ্রমিকের কাজ করার কথা থাকলেও কাজ করছেন মাত্র ৮-১৪ জন। কিন্তু ২৪-২৫ জন শ্রমিকের কথা উল্লেখ করেই টাকা তোলা হচ্ছে। অন্য শ্রমিকদের টাকা কমিটির সদস্য সচিব হিসেবে নিয়োগ পাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মসাত্ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, ৪০ দিনের এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৭টি প্রকল্প গ্রহণ করা হয়। উপজেলার ১২টি ইউনিয়নে মোট দুই হাজার ৬৫০ জন শ্রমিককে এই কর্মসূচির আওতায় কাজ দেওয়া হয়। এই শ্রমিকদের মজুরি বাবদ এক কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ আসে। ১৭ দিন ধরে জামুর্কী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাকুল্যা এলাকায় একটি রাস্তার কাজ করছেন মাত্র ১০ জন শ্রমিক। এখানে ২৫ জন শ্রমিকের কাজ করার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং এই কর্মসূচির জামুর্কী ইউনিয়নের সদস্য সচিব বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঘুষ দেওয়ার রীতি চালু করে গেছেন। সে রীতি অনুযায়ী ওই অফিসে কিছু টাকা-পয়সা দিতে হয়। এ কারণে শ্রমিকের সংখ্যা কম নিয়ে কাজ করতে হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হামিদুল হক বলেন, তাঁর কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জিন্নাত রেহানা বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।