গরিবের টাকায় আ.লীগ নেতার ঘের খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির ৩৩টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের অধীনে ৪০ কর্মদিবস কাজ করানোর কথা থাকলেও বেশির ভাগ প্রকল্পে ১৮-২০ দিন কাজ করিয়ে সিংহভাগ টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পে নির্ধারিত উপকারভোগীর চেয়ে কমসংখ্যক লোক নিয়োগ এবং তালিকাভুক্ত উপকারভোগীদের কাজে না লাগিয়ে ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়েছে। উপজেলায় চলতি অর্থবছরে বাস্তবায়িত ৩৩টি প্রকল্পেই এ রকম অনিয়মের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। একটি প্রকল্পে কৃষকের সেচ সুবিধার জন্য খাল খননের প্রকল্প দেখিয়ে খনন করা হয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার মাছের ঘের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলীতে চলতি অর্থবছরে অতি দরিদ্রদের পুনর্বাসনের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দুই কোটি ৮৯ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নে ৩৩টি প্রকল্পের মাধ্যমে চার হাজার ৮২৪ জন অতিদরিদ্র ব্যক্তির কাজের সুযোগ পাওয়ার কথা বলা হলেও বাস্তবে তা পায়নি। প্রকল্পের শর্তানুযায়ী, অতিদরিদ্র পরিবারের নারী ও পুরুষ সদস্যরা এসব প্রকল্পে উপকারভোগী (শ্রমিক) হিসেবে শ্রম দেবেন এবং প্রত্যেক উপকারভোগী দৈনিক ৪৫ ঘনফুট মাটি কাটার বিনিময়ে ১৫০ টাকা মজুরি পাবেন। ৪০ দিনে এসব প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন না হওয়ায় বর্ধিত সময়ে ২০ জুন কাজ সম্পন্ন হয়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের গোজানির খাল খননের জন্য সাত লাখ দুই হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাস্তবে সেখানে ২১ দিন কাজ করানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বলেন, ২১ দিন কাজ করিয়ে আমাদের মজুরি দেওয়া হয়েছে ২০ দিনের। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, খালটির প্রায় আধ কিলোমিটার জুড়ে বাঁধ দিয়ে দুই-তিন বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের ও তাঁর আত্মীয় নান্নু মোল্লা যৌথভাবে মাছ চাষ করছেন। খাল খনন প্রকল্পের নয় সদস্যের কমিটিতে তাঁরা দুজন সদস্য ছিলেন এবং তাঁদের তত্ত্বাবধানেই খালটি খনন করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, খালটির উত্তরপাশে মাটির রাস্তা ধরে আধ কিলোমিটার দক্ষিণে তাঁরা বাঁধ দিয়ে সেখানে মাছের ঘের করেছেন। ঘেরের দুই পাড়ে করা হয়েছে সবজি চাষ। আর এই ঘের এলাকার মধ্যেই খননকাজ করা হয়েছে। প্রকল্পের তদারক কর্মকর্তা ও প্রকল্প কমিটির সভাপতি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, ‘বৃষ্টির কারণে সেখানে ২০ দিন কাজ হয়েছে, এটা সত্য। তবে বাকি ২০ দিন আমরা অন্য একটি রাস্তায় কাজ করিয়েছি।’ কোন রাস্তায় কাজ করিয়েছেন তা তিনি বলেননি। প্রকল্প কমিটির সদস্য ও আওয়ামী লীগের নেতা এম এ কাদের বলেন, ‘বৃষ্টির কারণে আমরা কাজ করাতে পারিনি।’ সরকারি খালে মাছ চাষ প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবার আমরা ঘের করেছিলাম। এবার করিনি।’উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে মৌপাড়া থেকে সিলভারতলী রাস্তা মেরামত প্রকল্পে দুই লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ থাকলেও সেখানে ১৮ দিন কাজ করানো হয়েছে। তালিকাভুক্ত কয়েকজন উপকারভোগী নাম গোপন রাখার শর্তে অভিযোগ করেন, মাটি কাটার শ্রমিকদের মাধ্যমে ৯০ হাজার টাকায় ঠিকা দিয়ে নামমাত্র কাজ করিয়ে সিংহভাগ অর্থ লোপাট করা হয়েছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নান্নু খান প্রথম আলোকে বলেন, ‘কী কাজ হয়েছে সেটা আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করুন। আমি এসবের মধ্যে নেই।’ গতকাল রোববার পিআইও জাহাঙ্গীর আলমের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। পরে সংযোগটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বলেন, ‘প্রকল্পে অনিয়ম ও আত্মসাতের কোনো অভিযোগ আমি পাইনি। কেউ অভিযোগ করলে তদন্তসাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’