গরিবের টাকায় জনপ্রতিনিধির ভাগ!
দুস্থদের দেওয়া বয়স্ক ভাতা থেকে জনপ্রতি ১০০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিজন এক হাজার ৮০০ টাকা করে পাওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে এক হাজার ৭০০ টাকা। ইউনিয়ন পরিষদের সদস্যরা ওই টাকা কেটে রাখছেন।গতকাল সোমবার নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে গিয়ে এ অনিয়মের দৃশ্য দেখা গেছে। সব সময় সোনালী ব্যাংক গোবরা শাখায় বয়স্ক ভাতার টাকা দেওয়া হয়। কিন্তু গতকাল কলোড়া ইউনিয়নের বয়স্ক ভাতার সুবিধাভোগীদের ওই ইউপির ভবনেই টাকা দেওয়া হয়। এ সময় সোনালী ব্যাংকের কর্মকর্তা সাধন বিশ্বাস, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি বিভূতি ভূষণ চক্রবর্তী ও কলোড়া ইউপির দুই সদস্য সেখানে উপস্থিত ছিলেন। বয়স্ক ভাতার কার্ড পাওয়া আগদিয়া গ্রামের আবদুর রহমান বলেন, ‘ঘরের মদ্দি ব্যাংকের লোকজন আমাগে হাতে এক হাজার ৮০০ টায়া দিলি মেম্বর অমল বিশ্বাস আমাগে কাছ থেকে ১০০ টায়া কাটে রাখতিছে। কচ্ছে খরচ বাবদ এই টায়া নিয়া হচ্ছে।’সোনালী ব্যাংক কর্মকর্তা সাধন বিশ্বাস বলেন, এ ইউনিয়নের ৪৫৩ কার্ডধারীকে জনপ্রতি এক হাজার ৮০০ করে টাকা দেওয়া হবে। গতকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১২২ জনকে টাকা দেওয়া হয়েছে। ১০০ টাকা কেটে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের কাছ থেকে কে বা কারা ১০০ টাকা কেটে রাখছেন, তা তিনি জানেন না। অথচ ঘরের মধ্যেই তখন কলোড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য অমল বিশ্বাস ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজমুল হোসেনকে বসে থাকতে দেখা গেছে।সোনালী ব্যাংক গোবরা শাখার ব্যবস্থাপক নাজমুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর কলোড়া ইউপি ভবনে ভাতার টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। বেলা একটা থেকে ব্যাংকের গুদামে ভাতার টাকা দেওয়া হয়। ইউপি সদস্য অমল বিশ্বাস বলেন, ইউপি চেয়ারম্যানের কথামতো খরচ বাবদ জনপ্রতি ১০০ করে টাকা কেটে নেওয়া হচ্ছে। চেয়ারম্যান আশীষ বিশ্বাস জানান, এর সঙ্গে কোনো ইউপি সদস্য জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।