গরিবের টাকায় ভাগ বসালেন চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে বিধবা ও বয়স্ক ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরাসরি ব্যাংক থেকে টাকা দেওয়ার নিয়ম থাকলেও গত শনিবার ইউনিয়ন পরিষদে বসে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণ করা হয়েছে। উপরন্তু তাঁদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১৫০ টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, নাগেরপাড়া ইউনিয়নে ৮৫০ ব্যক্তিকে বিধবা ও বয়স্ক ভাতা হিসেবে প্রতি মাসে ৩০০ টাকা করে দেয় সমাজসেবা অধিদপ্তর। বছরে দুই কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রত্যেক সুবিধাভোগীর সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় নিজ নামে হিসাব নম্বর রয়েছে। সেই হিসাব থেকে ব্যাংকে গিয়ে টাকা তোলার নিয়ম। এই টাকা তোলার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে প্রত্যেককে পাস বইও দেওয়া হয়েছে। ব্যাংকে গিয়ে পাস বই দেখালেই টাকা দিয়ে দেওয়া হয়।
কয়েকজন সুবিধাভোগী অভিযোগ করেন, নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েতুল করিম ১৫-২০ দিন আগে ইউপি সদস্যদের মাধ্যমে ৪৮৫ জন সুবিধাভোগীর কাছ থেকে পাস বই সংগ্রহ করে ব্যাংকে পাঠান। এই সময় প্রত্যেকের কাছ থেকে ১৫০ টাকা করে নেওয়া হয়। শনিবার নাগেরপাড়া ইউনিয়ন পরিষদে সোনালী ব্যাংকের গোসাইরহাট শাখার কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আমিনুল হক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েতুল করিম ওই ৪৮৫ জনের মধ্যে প্রথম কিস্তির ছয় মাসের এক হাজার ৮০০ টাকা করে বিতরণ করেন। কিন্তু ১৫০ টাকা করে না দেওয়ায় বাকি ৩৬৫ জনকে ব্যাংকে গিয়ে টাকা তুলতে বলা হয়েছে। মলংচড়া গ্রামের বিধবা ভাতার কার্ডধারী নাছিমা বেগম ও নিলুফা বেগম অভিযোগ করেন, তাঁরা আগে ব্যাংকে গিয়ে টাকা তুলতেন। কিন্তু এবার প্রথম কিস্তির টাকা তোলার আগেই নাগেরপাড়া ইউপির চেয়ারম্যান ইউপি সদস্যদের দিয়ে তাঁদের কাছ থেকে পাস বই নিয়ে গেছেন এবং তাঁদের কাছ থেকে ১৫০ টাকা করে নিয়েছেন।
নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান বলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ব্যাংকের পরিবর্তে পরিষদে বসে টাকা বিতরণ করা হচ্ছে। এর বিনিময়ে কারও কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। সোনালী ব্যাংক কর্মকর্তা মতিউর রহমান জানান, ২০ মার্চ পাস বই দেখে ব্যাংক থেকে টাকা তুলে রাখা হয়েছিল। ব্যাংকে বসে টাকা বিতরণের নিয়ম থাকলেও বয়স্ক মানুষের কষ্ট লাঘবের জন্য পরিষদে বসে টাকা বিতরণ করা হয়েছে। তবে সমাজসেবা অধিদপ্তর শরীয়তপুরের উপপরিচালক ইউসুফ আলী মিয়া বলেন, সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে টাকা জমা হয়। ব্যাংকে গিয়েই সুবিধাভোগীদের টাকা তুলতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই মাঠে গিয়ে টাকা বিতরণ করতে পারবে না।