গরিবের দুম্বার মাংস পেলেন নেতা ও কর্মকর্তারা
পটুয়াখালীর বাউফল উপজেলায় অসহায়, এতিম ও গরিবদের জন্য বরাদ্দ করা কোরবানির পশুর মাংস পুলিশ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ক্ষমতাসীন দলের নেতারা ভাগ-বাঁটোয়ারা করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।
বেলা পৌনে একটার দিকে সরেজমিনে দেখা গেছে, পুলিশের তিন সদস্য ও ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা-কর্মী দুম্বার মাংস নিয়ে যাচ্ছেন। আর অসহায় এতিম ও গরিব মানুষগুলো এই দৃশ্য অসহায়ের মতো তাকিয়ে দেখছেন।
দুম্বার মাংস নিতে আসা দাশপাড়া গ্রামের হতদরিদ্র রিকশাচালক আজাহার আলী (৬৮) বলেন, ‘গরিবগো দুম্বা সরকারি স্যারেরা আর নেতারা ভাগ কইরগ্যা নিয়া গেছে৷’ বিধবা আবেদা বেগম (৬৫) বলেন, ‘এই বুড়া বয়সেও অন্যের ঘরে কাম কইরগ্যা খাইতে অয়। হেইয়ার পরও আমারে দুম্বার মাংস দেয় নাই। আল্লায় ওগো (যাঁরা বিতরণ করেছেন) বিচার করবে।’ একই অভিযোগ করেন হতদরিদ্র তাজেল আলী মৃধা, কাশেম সরদারসহ কয়েকজন।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তিনটি দুম্বার মাংস পেয়েছি। তবে বিতরণ করার আগেই কতিপয় লোক তা লুট করে নিয়ে গেছে।’
অভিযোগ অস্বীকার করে ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ খুব কম। এ কারণে তালিকা করে উপজেলার বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস সঠিকভাবে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সৌদি সরকারের কাছ থেকে পাওয়া ১৭১টি দুম্বার মাংস পটুয়াখালীর জেলা প্রশাসকের মাধ্যমে বাউফল উপজেলার দরিদ্রদের জন্য বরাদ্দ দেয়৷ কিন্তু বাস্তবে পাওয়া গেছে ১৪৬টি।
গতকাল দুপুরে উপজেলার বাউফল পৌরসভার মেয়রসহ ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তিনটি করে ৪৮টি দুম্বার মাংস তাঁদের নিজ নিজ এলাকার অসহায়, এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করার জন্য দেওয়া হয়। বাকিগুলোর মধ্যে এতিম খানায় ৪৫টি, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের মধ্যে ৩০টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য চারটি দুম্বার মাংস বিতরণ করা হয়।
বাকি ১৯টি দুম্বার মাংস কোথায়? এমন প্রশ্নের জবাবে পিআইওর কার্যালয় সহকারী মো. ইউনুচ বলেন, অনেক এতিমখানায় একাধিক দুম্বার মাংস দেওয়া হয়েছে।