গরিবের নলকূপ মন্ত্রী, ব্যবসায়ীদের বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে ৭০টি গভীর নলকূপ বসানো হয়েছে। যেসব এলাকায় পৌরসভার পানির পাইপলাইন যায়নি এবং দরিদ্র জনগোষ্ঠী বসবাস করে, সেখানে ওই নলকূপ বসানোর কথা। কিন্তু নলকূপ বসানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, ব্যবসায়ী, কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সচ্ছল ব্যক্তিদের বাড়িতে।বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ২৫-৩০টি নলকূপ মন্ত্রী, জেলা পরিষদের প্রশাসক, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের অনুরোধে বসাতে হয়েছে। নানাবিধ কারণে সব নিয়মকানুন মানা যায়নি। ভবিষ্যতে নিয়ম মেনে বসানোর চেষ্টা করা হবে।সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, পৌর এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে ‘৩৭ শহর পানি সরবরাহ প্রকল্প’র আওতায় ২০১১-১২ অর্থবছরে ২৫টি ও ২০১২-১৩ অর্থবছরে ৭৫টি গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থবছর শেষ হলেও ওই কাজ এখনো চলছে। প্রতিটি গভীর নলকূপ বসানোর ব্যয় ধরা হয় ৫৮ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে।পৌরসভা সূত্র জানায়, সাতক্ষীরা শহরের ডাকবাংলোর পাশে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ইলা ভবন, লস্করপাড়ায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, মাস্টারপাড়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান, সুলতানপুরে ধনাঢ্য ব্যবসায়ী বি এম আবদুর রাজ্জাক ও সানি খালেক, খুলনা রোড মোড়ে জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদের স্ত্রীর বোনের স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাহতাবউদ্দিন মল্লিকের বাসভবনের সীমানাপ্রাচীরের মধ্যে একটি করে নলকূপ বসানো হয়েছে। এ ছাড়া লস্করপাড়ায় পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, মেহেদিবাগে সাংবাদিক মহসিন হোসেন, জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বাসভবন, এলজিইডি ও পুলিশ লাইন চত্বরে নলকূপ বসানো হয়েছে।সরেজমিনে দেখা গেছে, যেসব বাড়িতে এসব নলকূপ বসানো হয়েছে, তার অনেকগুলো বাড়ি সুরক্ষিত। বাইরের কেউ ওই সব ভবনে প্রবেশ করতে পারেন না। এ ছাড়া মাহতাব উদ্দিন, মহসিন হোসেন, শওকত হোসেনসহ অনেকেই গভীর নলকূপের পাইপের সঙ্গে মোটর লাগিয়ে পানি তুলছেন।স্বাস্থ্যমন্ত্রীর ইলা ভবনের বাড়িটি দীর্ঘদিন ধরে ভাড়া দেওয়া হয়েছে। গত জুলাই থেকে ভবনটি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে।যোগাযোগ করা হলে নলকূপ বসানোর ঠিকাদার অসিম কুমার দাস প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ৭০টি নলকূপ বসানো হয়েছে। পৌর কর্তৃপক্ষ যেসব স্থানে বসানোর নির্দেশ দিয়েছে, সেসব স্থানেই নলকূপ বসিয়েছি।স্বাস্থ্যমন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি একসময় একটি নলকূপ বসাতে জনস্বাস্থ্য প্রকৌশলীকে বলেছিলাম। তারা কোন প্রকল্প থেকে বা কোথা থেকে আমার বাসায় বসিয়েছে, তা জানা নেই। আর আমার বাড়ি তো খোলাই থাকে। যে কেউ পানি নিতে চাইলে পারবে। পৌর কর্তৃপক্ষ ওখান থেকে বাইরে পানি সরবরাহ করতে চাইলে আমার আপত্তি নেই।’শওকত হোসেন বলেন, কারও যাতে নলকূপের পানি নিতে অসুবিধা না হয় এ জন্য আমার ফটকের দুটি গেট সব সময় খোলা থাকে।মাহতাব উদ্দিনের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গেলে তিনি কথা না বলে ঘরে চলে যান।আশরাফুজ্জামান জানান, পৌরসভার সরবরাহ করা পানি লস্করপাড়ায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না। বাধ্য হয়ে এ সুবিধা নিতে হয়েছে।