গরিব মানুষ থানায় গেলে মামলা নেওয়া হয় না। তাই আগে তাদের মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলেই দরিদ্র মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হবে।গতকাল শনিবার কিশোরগঞ্জ আইনজীবী সমিতি মিলনায়তনে ‘দরিদ্র মানুষের বিচারের প্রবেশাধিকার এবং উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুস সালাম, সরকারি কৌঁসুলি শাহ আজিজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা শাখা) শামসুল আলম, আইনজীবী নাসিরুদ্দিন ফারুকী, সাবেক পিপি আবদুর রহমান, আইনজীবী সমরকান্তি দেবনাথ প্রমুখ।প্রধান অতিথি আ ম মো. সাঈদ বলেন, সরকার আইনি সহায়তা প্রদান আইন প্রণয়ন করেছে। সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তিতে আইনি অধিকার প্রতিষ্ঠার জন্যই তা করা হয়েছে। আমাদের হতাশ হলে চলবে না, দরিদ্র মানুষের জন্য আমাদের কিছু করতে হবে। কারণ, সামনে অন্ধকার নয়, আলোর পথ।আ ম মো. সাঈদ বলেন, কিশোরগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে চার হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। একজন বিচারকের পক্ষে কীভাবে তা সম্ভব? বিকল্প পদ্ধতিতে মামলার সংখ্যা কমাতে হবে। বন্ধন সোসাইটি কিশোরগঞ্জ, আইন ও সালিশ কেন্দ্র, স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে এই ব্যতিক্রমধর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়।