গরিবের স্বাস্থ্যসেবা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবলসংকট ও তদারকির অভাবে বেহাল হয়ে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর স্বাস্থ্যসেবা। শুধু চার বছরেই নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা অর্ধেকে নেমেছে। চিকিৎসকেরাও পর্যাপ্ত সময় দেন না বলে অভিযোগ রয়েছে।
দরিদ্র নগরবাসীর স্বাস্থ্যসেবায় ‘আরবান হেলথ প্রকল্প’-এর আওতায় নগরে ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র ও দুটি মাতৃসদন স্থাপন করা হয়েছিল। ২০০১ থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পের অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এরপর অর্থায়ন বন্ধ হয়ে গেলে চট্টগ্রাম সিটি করপোরেশন এই কেন্দ্র ও মাতৃসদনগুলো আত্মীকরণ করে নেয়।
চার বছরেই রোগীর সংখ্যা অর্ধেক: সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এখন পাঁচটি মাতৃসদন হাসপাতাল, একটি জেনারেল হাসপাতাল, ২০টি দাতব্য চিকিৎসালয়, একটি হোমিও কলেজ ও হাসপাতাল, নয়টি হোমিও দাতব্য চিকিৎসালয় ও ৩৬টি নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। সিটি করপোরেশনের বন্দরটিলা মাতৃসদন তত্ত্বাবধানের দায়িত্বে আছে বেসরকারি সংস্থা মেরিস্টোপ।
সিটি করপোরেশনের চার বছরের উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, ২০১০-এর তুলনায় পরবর্তী চার বছরে রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ২০১০-১১ অর্থবছরে সিটি করপোরেশনের ৭৪টি স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসালয় ও হাসপাতালে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ৬ হাজার ১৭১। আর ২০১৩-১৪ অর্থবছরে সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৩৬-এ।
হিসাব কষে দেখা গেছে, ৩৬টি স্বাস্থ্যকেন্দ্রে সেবাগ্রহীতার সংখ্যাই সবচেয়ে বেশি। ২০১০-১১ সালে এ কেন্দ্রগুলোয় রোগী এসেছে মোট ৪ লাখ ৭৯ হাজার ৩১৫ জন। আর ২০১৩-১৪ সালে সেবা নিয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬৫২ জন। এসব কেন্দ্রে শুধু বহির্বিভাগে সেবা দেওয়া হয়।
২০১২ সাল পর্যন্ত প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট, প্যারামেডিক, কাউন্সিলরসহ জনবল ছিল ১২ জন করে। এখন বেশির ভাগ কেন্দ্রেই পাঁচজনের বেশি জনবল নেই। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে কমপক্ষে একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন প্যারামেডিক কাম নার্স থাকার কথা। কিন্তু ৩৬টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ছয়টিতে চিকিৎসক নেই। প্যারামেডিক রয়েছেন মাত্র ১০ জন। লোকবল কমে যাওয়ায় চরমভাবে সেবা ব্যাহত হচ্ছে। এতে রোগীর সংখ্যাও যাচ্ছে কমে।
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে সিটি করপোরেশন নগর স্বাস্থ্যকেন্দ্রে ২০১০-১১ অর্থবছরে রোগী ছিল ২৩ হাজার ৭৭৩ জন। ২০১৩-১৪ অর্থবছরে সেটি দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৩ জনে। এই কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা পাপড়ি দত্ত বলেন, ‘আমার কেন্দ্রে এখন লোকবল আমিসহ পাঁচজন। স্বাস্থ্যকর্মী নেই, ইপিআই দিতে পারছি না। কাউন্সিলর নেই, এমনকি একজন এমএলএসএস পর্যন্তও নেই। খুব সমস্যা হয় কাজ করতে।’
স্বাস্থ্যকেন্দ্রগুলো সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত খোলা থাকে। ১৪ মে দুপুর ১২টা থেকে বেলা একটার মধ্যে আলকরণ, পূর্ব মাদারবাড়ি ও ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের দুটি স্বাস্থ্যকেন্দ্র ও দুটি দাতব্য চিকিৎসালয়ে গিয়ে কোনো চিকিৎসক বা রোগীর দেখা পাওয়া যায়নি।
আলকরণ ওয়ার্ডের নগর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই। গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে রোগী ছিল মোটে চারজন। কেন্দ্রের ফার্মাসিস্ট জাবেদ আহমেদ বলেন, ‘ঠিকমতো ওষুধের সরবরাহ দিতে পারছি না। ডাক্তারও নেই। সে কারণে হয়তো রোগীর সংখ্যা কম।’
চিকিৎসকদের ঠিকমতো দায়িত্ব পালন না করার পেছনে তদারকির অভাবকে দায়ী করেছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী বলেন, এসব কেন্দ্রের চিকিৎসকেরা অস্থায়ী ভিত্তিতে মাত্র ১৬ হাজার টাকায় কাজ করছেন। কোনো সুযোগ-সুবিধা পান না। এত কম টাকায় প্রথম শ্রেণির চাকরিতে আন্তরিকতা আসা কঠিন। তার পরও চিকিৎসকেরা চেষ্টা করছেন।
কর্মীদের অর্ধেকের বেশি বদলি: অনুসন্ধানে জানা গেছে, ২০১২ সাল পর্যন্ত ‘আরবান হেলথ প্রকল্প’-এর জনবল ছিল ৫৯০ জন। বর্তমানে এটি ২৬১ জনে এসে ঠেকেছে। গত সোয়া দুই বছরে ২১৮ জনকে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে এবং চাকরি ছেড়ে চলে গেছেন ৭৫ জন। করপোরেশন থেকে প্রেষণে আনা ৩৬ জনকেও ফিরিয়ে নিয়েছে করপোরেশন। বদলি হওয়া বেশির ভাগের ঠাঁই হয়েছে শিক্ষা বিভাগে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘জনবলসংকটের কারণে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকে জনবল বদলির আগে আমাদের মতামত নেওয়ার জন্য করপোরেশনকে অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি।’
স্বাস্থ্যকেন্দ্র থেকে লোকবল সরিয়ে নেওয়া প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা সবাই প্রকল্পের জনবল, আমাদের না। প্রকল্প শেষ, কিন্তু তাঁদের বিদায় না করে আমরা যেসব বিভাগে লোক প্রয়োজন, সেখানে দিয়েছি। এতে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া পড়ার কোনো কারণ নেই।’