গরিবের স্বাস্থ্যসেবায় অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গত শুক্রবার পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ হাসপাতালে জরায়ু ক্যানসারসহ নানা রোগের চিকিৎসা দেওয়া হয়। গরিব ও দুস্থ রোগীরা এখানে বিনা মূল্যে চিকিৎসাসেবা পান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল আটটা থেকে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার গুণী মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান বিচারপতি মো. মোজামেঞ্চল হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিচারপতি আশরাফুল কামাল, আশরাফুল ইসলাম, এনায়েত হোসেন, ওবায়দুল হোসেন ও রইচ উদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও গাইনি বিভাগের প্রধান রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসা গৃহবধূ সেলিনা আক্তার বলেন, ছয় মাস আগে জরায়ুতে ক্যানসারের উপসর্গ দেখা দেওয়ায় তিনি এই হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষায় এ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে এখানে বিনা মূল্যে অস্ত্রোপচার করানো হয়। এখন তিনি সুস্থ আছেন।

হাসপাতালে মুক্তিযোদ্ধা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও পোশাক কারখানার শ্রমিকদের বিনা মূল্যে সেবা দেওয়া হয়।

জানা গেছে, রওশন আরা বেগম ২০০১ সালে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দহর গ্রামে পাঁচ এক জমির ওপর হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। তাঁঁর মা ও বাবার নামে গড়া এই হাসপাতাল নানা ধরনের সচেতনতামূলক কাজ করছে।

হাসপাতালের চেয়ারম্যান রওশন আরা বেগম বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দুস্থ ও নিরক্ষর মানুষ বিভিন্ন কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাঁদেরকে সেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি গড়ে তোলা হয়েছে।