গরিবের হক কোরবানির পশুর চামড়া নষ্ট করা যাবে না : হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজত ইসলাম বাংলাদেশ

কোরবানির পশুর চামড়ার অপচয় রোধে যাঁরা কোরবানি দেবেন তাঁদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নিকটবর্তী কওমি মাদ্রাসায় চামড়া দেওয়ার পরামর্শ দিয়ে সংগঠনটি বলেছে, এতে চামড়ার অপচয় রোধ হবে, আবার গরিবের হক গরিবের কাছে পৌঁছে যাবে। এ ছাড়া প্রয়োজনে কিছুদিনের জন্য চামড়া সংরক্ষণও করতে পারেন।

আজ বুধবার হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ পরামর্শ দেন। বিবৃতিতে তাঁরা বলেন, যাঁরা কোরবানি দেবেন, তাঁদের এ ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে। কারণ, কোরবানির পশুর চামড়া গরিবের হক। এই চামড়া কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

প্রয়োজনে কিছুদিনের জন্য চামড়া সংরক্ষণ করার পরামর্শ দিয়ে বিবৃতিতে বলা হয়, লাখ টাকার গরুর চামড়া ১০ কেজি লবণ কিনে সংরক্ষণ করা খুব বেশি কঠিন হবে না। তারপরও গরিবের হক কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়। সেদিকে লক্ষ রাখতে সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতের দুই নেতা।

হেফাজতের আমির ও মহাসচিব বলেন, ‘বেশ কয়েক বছর ধরে কোরবানির পশুর চামড়ার মূল্য ক্রমান্বয়ে নিম্নমুখী হয়েছে। দেখা গেছে, নামমাত্র মূল্যেও চামড়া বিক্রি করা যাচ্ছে না। এতে করে লাখ লাখ কোরবানির পশুর চামড়া নষ্ট হতে দেখা গেছে। আমরা সরকার ও ব্যবসায়ীদের কাছে চামড়ার মূল্য বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছি। কারণ, মূল্য বৃদ্ধি না হলে গত কয়েক বছরের মতো এবারও চামড়া নষ্ট হবে।’

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর নামে এই বিবৃতি পাঠানো হয়।